বুধবার | নভেম্বর ৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ দফায় দফায় সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন: আহত অন্তত ৫০

সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ দফায় দফায় সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন: আহত অন্তত ৫০

আশুলিয়া প্রতিনিধি : ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। বুধবার (৪ নভেম্বর) সকালে হেমায়েতপুর ও উলাইল এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। সংঘর্ষের একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে পুলিশ, শ্রমিক, সাংবাদিক ও পথচারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং এলাকাটির সার্বিক সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকেই সাভার, আশুলিয়া, হেমায়েতপুর ও উলাইল শিল্পাঞ্চলে বকেয়া পাওনা ও মজুরি বৃদ্ধির দাবিতে রাস্তায় নামেন বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সকালের দিকে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের পোশাক কারখানার সামনে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষোভকারী শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এবং রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে পুলিশ ও শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে উলাইল ও হেমায়েতপুর এলাকার মধ্যবর্তী স্থানে অবস্থানরত পুলিশের একটি টহল গাড়িতে হামলা চালায় উত্তেজিত শ্রমিকরা এবং সেটিতে আগুন ধরিয়ে দেয়। আগুনে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

সংঘর্ষে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম, দায়িত্বরত একাধিক পুলিশ সদস্য, আন্দোলনরত শ্রমিক, সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিক এবং সাধারণ পথচারীসহ অন্তত ৫০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে, গত মঙ্গলবার বিকেলেও একই দাবিতে হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছিলেন শ্রমিকরা। প্রায় দুই ঘণ্টা পর সেসময় অবরোধ প্রত্যাহার করা হলেও বুধবার সকালের নতুন এই সংঘাত পুরো শিল্পাঞ্চলকে আরও অস্থির করে তুলেছে। বর্তমানে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনীর পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা