বৃহস্পতিবার | নভেম্বর ৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের জন্য দ্বিতীয়বারের মতো ফ্রি মেডিকেল ক্যাম্প

চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের জন্য দ্বিতীয়বারের মতো ফ্রি মেডিকেল ক্যাম্প

চাঁদপুর থেকে এ কে আজাদ : ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য দ্বিতীয়বারের মতো দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, চক্ষু পরীক্ষা ও সাধারণ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৫ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) চাঁদপুর প্রেস ক্লাবের তৃতীয় তলাস্থ মিলনায়তনে  এই মেডিকেল  ক্যাম্পের কার্যক্রম শুরু হয়।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “চাঁদপুর প্রেস ক্লাবকে এত সুন্দর একটি স্বাস্থ্যসেবা আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। এ উদ্যোগের মাধ্যমে জেলার সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যরা ব্যাপকভাবে উপকৃত হবেন বলে আশা করি। এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে প্রায় দেড় কোটি মানুষ ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন। এ সংখ্যা আরও দ্বিগুণ হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। নিয়মিত বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করা গেলে রোগীদের দ্রুত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে। এতে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা গ্রহণ আরও সহজ হবে।”

চোখের সুস্বাস্থ্য রক্ষায় নিয়মিত পরীক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “খাদ্যাভ্যাস ও অনিয়মিত জীবনযাপনের কারণে মানুষ ডায়াবেটিস, চোখের সমস্যাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে শয্যাসংখ্যা ২৫০ হলেও প্রতিদিন পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিতে হচ্ছে। তারপরও হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্বাস্থ্যসেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে পারলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে। চাঁদপুর প্রেস ক্লাবে আয়োজিত এ স্বাস্থ্যসেবা ক্যাম্প ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। জাতীয় দিবসগুলোতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম আয়োজনেরও চেষ্টা করা হবে। স্বাস্থ্যমন্ত্রী মহোদয় চাঁদপুরের স্বাস্থ্য বিভাগের কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।”

সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতার কথা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, “চাঁদপুর প্রেস ক্লাবের মতো একটি ঐতিহ্যবাহী ও দায়িত্বশীল সাংবাদিক সংগঠন পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করেছে। সাধারণত সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সমাজের অসংগতি তুলে ধরা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার কণ্ঠস্বর হিসেবে দেখা হয়। তবে আজ চাঁদপুর প্রেস ক্লাব প্রমাণ করেছে, কলম ধরার পাশাপাশি মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং মানবতার সেবায় এগিয়ে আসার ক্ষেত্রেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।” এ সময় তিনি ক্যাম্পের সঙ্গে সম্পৃক্ত চাঁদপুর প্রেস ক্লাব, ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেলা সদর হাসপাতাল, চাঁদপুর বিএনএসবি মাজহারুল হক চক্ষু হাসপাতাল ও চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালকে ধন্যবাদ জানান।

চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “চাঁদপুর প্রেস ক্লাবের এ সুন্দর আয়োজনের জন্য সভাপতি সোহেল রুশদীসহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। যারা শারীরিকভাবে অসুস্থ, তারাই অসুস্থতার কষ্ট সবচেয়ে ভালোভাবে উপলব্ধি করতে পারেন। সুস্থতা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের নিয়ম মেনে চলতে হবে, ধূমপান ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাবার পরিহার করতে হবে এবং নিয়মিত শরীরচর্চা করতে হবে। সুস্থ থাকতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাও অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, “পুলিশ বিভাগে আমাদের ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করতে হয়। একইভাবে সাংবাদিকদেরও দিন-রাত পরিশ্রম করতে হয়। তাই তাঁদের শারীরিক সুস্থতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব পাওয়া প্রয়োজন।”

২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান বলেন, “চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে সাংবাদিকদের জন্য হাসপাতালের পক্ষ থেকে এমন একটি স্বাস্থ্যসেবা কার্যক্রমে অংশ নিতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি। সাংবাদিকদের সুস্থতা নিশ্চিত করার এ মহতী উদ্যোগে অংশ নিতে পেরে ভালো লাগছে। আজকের দিনেও আমাদের হাসপাতালেও প্রায় পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। সীমিত সামর্থ্যের মধ্যেও সবাইকে সেবা দেওয়ার চেষ্টা চলছে।”

সভাপতির বক্তব্যে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, “আজকের এ আয়োজনে তিনটি প্রতিষ্ঠানের চিকিৎসক ও মেডিকেল টিম অংশ নিয়েছেন। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত চাঁদপুর প্রেস ক্লাব সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ সংগঠন। জেলার সাংবাদিকরা সবসময় প্রেস ক্লাবের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছেন। সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত উন্নয়নে প্রেস ক্লাব বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায় এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।” তিনি আশা প্রকাশ করেন, এই ক্যাম্প থেকে সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যরা উপকৃত হবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত ও শরীফ চৌধুরী, চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈয়দ আহমেদ কাজল, চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুল কাদের জিলানী মুন্সী এবং চাঁদপুর বিএনএসবি মাজহারুল হক চক্ষু হাসপাতালের প্রোগ্রাম অফিসার মো. আল আমিন।

মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি বি এম হান্নান ও শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভান, কাদের পলাশ, প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ, কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি শওকত আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক চৌধুরী ইয়াসিন ইকরাম, কোষাধ্যক্ষ কে এম সালাহউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক মো. শরীফুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুনাওয়ার কানন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম আর ইসলাম বাবু, সমকল্যাণ, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা, নির্বাহী সদস্য মো. ইলিয়াছ পাটওয়ারী, সাংবাদিক হাসান মাহমুদসহ প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, চিকিৎসক, মেডিকেল টিমের সদস্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রেস ক্লাবের সদস্য মাওলানা আহম্মদ উল্ল্যাহ। পরে প্রধান অতিথি জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ। এছাড়া ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, চাঁদপুর বিএনএসবি মাজহারুল হক চক্ষু হাসপাতাল ও চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক টিমকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

চিকিৎসাসেবা প্রদানকারী মেডিকেল টিম:
মেডিকেল ক্যাম্পে তিনটি প্রতিষ্ঠানের চিকিৎসক ও মেডিকেল টিম দিনব্যাপী সেবা প্রদান করেন।

* চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল : মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের ডা. সৈয়দ আহমদ কাজল, সার্জারি বিভাগের ডা. নূরে আলম মজুমদার, চর্মরোগ বিশেষজ্ঞ ডা. আবদুল্লাহ আল মামুন, মেডিসিন বিভাগের ডা. মো. বরকত উল্লাহ এবং গাইনি বিভাগের ডা. নাজমুন নাহার চিকিৎসাসেবা দেন। এ ছাড়া প্যাথলজিস্ট মো. সিরাজ, দু’জন নার্স ও তিনজন সহকারী দায়িত্ব পালন করেন। এ টিম সাধারণ স্বাস্থ্যসেবা, রক্তচাপ পরিমাপ, রক্তের গ্রুপ নির্ণয় ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করে।
* চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল : মেডিকেল অফিসার ডা. আব্দুল কাদের জিলানী মুন্সী, জনসংযোগ কর্মকর্তা নাসিমা আক্তার, সিনিয়র স্টাফ নার্স রাসিদা আক্তার, প্রধান সহকারী জসিম উদ্দিন এবং এমএলএসএস শরীফ খান দায়িত্ব পালন করেন। এ টিম বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে।
*
* চাঁদপুর বিএনএসবি মাজহারুল হক চক্ষু হাসপাতাল : মেডিকেল অফিসার ডা. মো. হাবিবুর রহমান, প্রোগ্রাম অফিসার মো. আল আমিন, রিফ্রাকশনিস্ট সঞ্জীব চন্দ্র শীল এবং চিকিৎসা সহকারী মো. ইমন সরকার দায়িত্ব পালন করেন। এ টিম বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ওষুধ ও চশমা বিতরণসহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে।

ক্যাম্পে চাঁদপুর প্রেস ক্লাব, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম ও চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য, তাঁদের পরিবারের সদস্য, মাঠপর্যায়ের পেশাগত সাংবাদিক এবং জেলার বিভিন্ন উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক, তাঁদের পরিবার ও সাধারণ মানুষসহ মোট ২৫০ জন বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

উল্লেখ্য, সফলভাবে এ ক্যাম্প আয়োজনের লক্ষ্যে গঠিত উপ-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এম আর ইসলাম বাবু এবং সদস্য হিসেবে ছিলেন চৌধুরী ইয়াসিন ইকরাম, সেলিম রেজা, মো. শরীফুল ইসলাম, আশরাফুল আলম, হাসান মাহমুদ, মাওলানা আহম্মদ উল্ল্যাহ ও ব্যবস্থাপক মো. মাসুদ দেওয়ান।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা