১০
রবিন খান, নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় সড়কে দাঁড়িয়ে থাকা বালিবাহী টলির পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার ফরিদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর গ্রামের আবু বক্কর সিদ্দিক ও বেল্লাল হোসেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই যুবক মোটরসাইকেলে করে বগুড়া থেকে নাটোরের সিংড়ার দরি মহিষমারি গ্রামে আত্মীয়ের জানাজায় যাচ্ছিলেন। পথে ফরিদনগর এলাকায় পৌঁছালে সড়কে দাঁড়িয়ে থাকা একটি বালিবাহী টলির পেছনে সজোরে ধাক্কা দেয় তাদের মোটরসাইকেল। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
