শনিবার | নভেম্বর ৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ জমি নিয়ে বিরোধ : কুষ্টিয়ায় বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

জমি নিয়ে বিরোধ : কুষ্টিয়ায় বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

শরিফ মাহমুদ, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে জমিজমা সংক্রান্ত বিরোধ ও গাছ লাগানোকে কেন্দ্র করে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই আতাউলের মৃত্যু হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে মারা যান আতাউল।

নিহত আতাউল মালিথা ওই গ্রামের মৃত রাহাতুল্লাহ মালিথার ছোট ছেলে। এ ঘটনায় অভিযুক্ত তার আপন বড় ভাই তোফাজ্জেল মালিথা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধ ও বসতবাড়ির জমিতে সজনের গাছ লাগানোকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। শনিবার দুপুরে আতাউলের বসতবাড়ির পেছনে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে বড় ভাই তোফাজ্জেল মালিথা দায়ের উল্টা পাশ দিয়ে ছোট ভাই আতাউলের মাথায় কোপ মারে। এতে আতাউল গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আতাউলকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ ও বসতবাড়ির জমিতে সজনের গাছ লাগানোকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির জেরে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য কাজ করছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা