চাঁদপুর থেকে এ কে আজাদ : চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুর থেকে ইয়াছিন হোসেন (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (৭ নভেম্বর) দুপুর থেকে নিখোঁজ ছিল শিশুটি। খেলতে গিয়ে পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রোববার (৮ নভেম্বর) উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বদরপুর গ্রামের হাজী বাড়ির পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন এক প্রতিবেশী। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন। ইয়াছিন ওই বাড়ির দিনমজুর মো. জিতু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুর ১২টার পর থেকে ইয়াছিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্বজনেরা আশপাশে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে ওই দিন রাতে শিশুটির বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শিশুর বাবা মো. জিতু মিয়া জানান, আমার অবুঝ ছেলের সঙ্গে বা আমাদের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। কারও প্রতি আমাদের সন্দেহও নেই। হয়তো খেলতে গিয়ে সে পানিতে পড়ে মারা গেছে। আমরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করেছি।’
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
