সোমবার | নভেম্বর ৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা সাভার-আশুলিয়ার ১,৮৬৩ কারখানা বন্ধ মধ্যে উৎপাদনে ফিরেছে প্রায় সব প্রতিষ্ঠান

সাভার-আশুলিয়ার ১,৮৬৩ কারখানা বন্ধ মধ্যে উৎপাদনে ফিরেছে প্রায় সব প্রতিষ্ঠান

সাভার থেকে, ফাহাদ-ই-আজমঃ টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও উৎপাদন বন্ধ থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে দেশের অন্যতম বৃহৎ পোশাকশিল্প অধ্যুষিত সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকদের নিয়মিত উপস্থিতিতে পুরোদমে শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম। কর্মস্থলে ফিরেছেন শ্রমিকরা, কমে এসেছে শিল্পাঞ্চলের অস্থিরতা।

শিল্প পুলিশ ও স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, সোমবার সকাল থেকে সাভারের হেমায়েতপুর, উলাইল, গেন্ডা ও সাভার বাজার এবং আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, জিরাবো, বাইপাইল ও নিশ্চিন্তপুর এলাকার অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা সুশৃঙ্খলভাবে কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত এসব এলাকায় নতুন করে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শিল্প পুলিশ-১-এর আওতাধীন সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে মোট পোশাক কারখানার সংখ্যা ১ হাজার ৮৬৩টি। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের জেরে গত ৫ নভেম্বর প্রায় ৭০টি কারখানা সাময়িকভাবে বন্ধ থাকলেও মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও প্রশাসনের ধারাবাহিক আলোচনা এবং তৎপরতায় পরিস্থিতির উন্নতি হয়েছে। গত ৮ নভেম্বর প্রকাশিত বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় আট দিনের অস্থিরতা ও উৎপাদন বিঘ্নের পর অধিকাংশ কারখানা পুনরায় চালু হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে ২০টিরও কম কারখানা বন্ধ রয়েছে। অর্থাৎ শিল্পাঞ্চলের প্রায় সব কারখানাতেই উৎপাদন কার্যক্রম ফিরে এসেছে।

তবে সব কারখানায় এখনো পুরোপুরি স্বাভাবিক পরিস্থিতি ফেরেনি। আশুলিয়ার মেডলার, দি রোজ, এনবয়, নিট এশিয়া ও এস২১সহ কয়েকটি কারখানায় উৎপাদন কার্যক্রম ও শ্রমিকদের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। এসব প্রতিষ্ঠানের পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

এদিকে শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ, জেলা পুলিশ, বিজিবি ও এপিবিএনের সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ সড়ক, কারখানার প্রবেশপথ ও শিল্পাঞ্চলের বিভিন্ন পয়েন্টে নজরদারি অব্যাহত রয়েছে।
সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কোনো প্রকৃত শ্রমিক নেই বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, শ্রমিক অসন্তোষের কারণে কয়েক দিন উৎপাদন ব্যাহত হওয়ার পর অধিকাংশ কারখানা পুনরায় চালু হওয়া শিল্পাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য ইতিবাচক অগ্রগতি। তবে এই স্থিতিশীলতা ধরে রাখতে শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া বিবেচনা, মালিকপক্ষের সহযোগিতা এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা