জনতা ডেস্ক : মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে পাসপোর্ট দেওয়ার আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম।
তিনি বলেছেন, শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার। পাসপোর্ট আইন অনুযায়ী, কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই।
মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।
চিফ প্রসিকিউটর বলেন, ‘বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩ এর আর্টিকেল ৬ অনুযায়ী, কোনো আসামি যদি দণ্ডিত হন এবং যখন তিনি পাসপোর্ট চাচ্ছেন তার থেকে ৫ বছরের মধ্যে দণ্ডপ্রাপ্ত হন আর সেই দণ্ডের পরিমাণ যদি কমপক্ষে ২ বছর হয়; তাহলে তার পাসপোর্ট ইস্যু হবে না।’
আমিনুল ইসলাম ব্যাখ্যা করেন, ‘আর্টিকেল ৭ অনুযায়ী, কোনো দণ্ডিত ব্যক্তি যদি কোনো মোরাল কার্টিটিউডের কারণে কোনো দণ্ডিত ব্যক্তি তার পাসপোর্ট জব্দ করা যেতে পারে বা রিভোক করা যেতে পারে। শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত।
তিনি মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত। এই মানবতাবিরোধী অপরাধকে মোরাল কার্টিটিউড বলা হয়। এইযে নৈতিক স্খলনজনিত অপরাধ, তাই সঙ্গত কারণেই তার পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার।’
চিফ প্রসিকিউটর বলেন, ‘পাসপোর্ট আইনের ৬ এর এ, বি, সি ও ই ধারাগুলো অনুযায়ী, যেহেতু তিনি দণ্ডপ্রাপ্ত তাই পাসপোর্ট কর্তৃপক্ষের আর কোনো এখতিয়ার নেই, দণ্ডিত ব্যক্তিতে পাসপোর্ট ইস্যু করার।’
