আশুলিয়া প্রতিনিধি: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং শ্রমিকদের কালো তালিকাভুক্তি (ব্ল্যাকলিস্টিং) বন্ধসহ ৯ দফা দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতিসহ বেশ কয়েক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবেই কাজে যোগ দেন। তবে সকালের দিকে শারমিন গ্রুপের একটি ফ্লোর, এনভয় ও স্টারলিং গ্রুপসহ বেশ কিছু কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়ে ভেতরে কর্মবিরতি পালন শুরু করেন। এতে ভেতরে উত্তেজনা দেখা দিলে পরবর্তীতে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।
কারখানা থেকে বের হয়ে ছুটি হওয়া শ্রমিকরা আশপাশের অন্যান্য চালুকৃত কারখানার সামনে গিয়ে বিক্ষোভের চেষ্টা চালান। এ সময় বিশৃঙ্খলা এড়াতে পুলিশ তাদের বাধা দেয় এবং টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। একপর্যায়ে পুলিশ ও বিক্ষুব্ধ শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে।
শিল্পাঞ্চলের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন কারখানার সামনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে। পাশাপাশি যৌথ টহল ও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও বেশ কয়েক প্লাটুন বিজিবি।
এদিকে চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা ও কারখানার সুরক্ষার স্বার্থে নিউএইজ গ্রুপের আওতাধীন আশুলিয়ার সকল কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী ১০ নভেম্বর ২০২৬ তারিখ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে নিশ্চিত করা হয়েছে।
