আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: সারাদেশের মতো ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলেও পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস। তবে কাঙ্ক্ষিত উপস্থিতি না থাকায় অনুষ্ঠানটি অনেকটাই ফাঁকা চেয়ারে শেষ হয়েছে।
গত রোববার বেলা ১১টায় উপজেলা চত্বর থেকে শতাধিক মানুষের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ। তিনি বক্তব্যে উপস্থিতি কম দেখে বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, উপজেলায় সমবায় সমিতিগুলোর মোট সদস্য প্রায় ১১ হাজার। অথচ অনুষ্ঠানে তার চার ভাগের এক ভাগও আসেননি। এক ভাগ সদস্য এলেও অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হতো।
সরেজমিনে দেখা যায়, সভা চলাকালে হলরুমের অধিকাংশ চেয়ার ফাঁকা ছিল। প্রায় ১০টি অতিথির আসনের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র তিনজন। হলরুমে প্রায় দুই শতাধিক চেয়ারের ব্যবস্থা থাকলেও এর অর্ধেকের বেশি ফাঁকা পড়ে ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানের সভাপতিত্ব করার কথা থাকলেও জেলা সভায় থাকায় তিনি আসতে পারেননি। তার পরিবর্তে সভাপতিত্ব করেন উপজেলা কালবের সভাপতি আব্দুস সালাম। এ সময় পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী ও উপজেলা সমবায় কর্মকর্তা আহমেদ হোসেন উপস্থিত ছিলেন।
উপস্থিতি কম হওয়ার কারণ হিসেবে কেউ কেউ আয়োজনে ঘাটতি ও সমবায় দপ্তরের প্রতি সদস্যদের অনীহার কথা বলেছেন। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সমবায় কর্মকর্তা আহমেদ হোসেন বলেন, আয়োজন ভালো হয়েছে। ৪০০ প্যাকেট খাবারের ব্যবস্থা করা হয়েছিল। চেয়ার ফাঁকা থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি গাড়ি চালাচ্ছেন, পরে কথা বলবেন।
