টাঙ্গাইল থেকে মনোয়ার হোসেন সোহেলঃ একই গ্রামে বাড়ি। তাই বাড়ির বিভিন্ন কাজে সহযোগিতা চাইতেন রাজ্জাক।তার জন্যই আসা যাওয়া করতেন তরুণী। আর সেই সুযোগে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করে ৩ মাসের অন্তঃসত্ত্বা এখন তরুণী।
ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ধনবাড়ীতে। ধর্ষণের অভিযোগে আব্দুর রাজ্জাক (৪৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধনবাড়ীতে ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আব্দুর রাজ্জাক মাঝেমধ্যে তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে ঘরের কাজ করাতেন। সেই সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে গত তিন মাস ধরে তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে জানান ভুক্তভোগী তরুণী। একপর্যায়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত ব্যক্তি নানা টালবাহানা শুরু করেন।ভুক্তভোগী আরও বলেন, আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
স্থানীয়রা জানায়, ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্ত ব্যক্তি এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে দিয়ে অর্থের বিনিময়ে মীমাংসার চেষ্টা করেন। তবে বিষয়টি এলাকায় জানাজানি হলে তিনি আত্মগোপনে চলে যান।
ঘটনাটি প্রকাশ পাওয়ার পর সোমবার (৯ নভেম্বর) ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ধনবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ধনবাড়ী থানার ওসি মো. নূরুস সালাম সিদ্দিক জানান, মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে।আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।
