পটুয়াখালী থেকে ফিরোজ আহমেদঃ নিজস্ব প্রতিবেদকঃ ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি” এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিমাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের পোল্ট্রি সায়েন্স বিভাগ ও ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন, বাংলাদেশ শাখার (ওয়াপসা-বিবি) আয়োজনে বিশ্ব ডিম দিবস এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
ডিমের গুণগতমান সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে মঙ্গলবার (১০ নভেম্বর) ‘বিশ্ব ডিম দিবস’ পালিত হয়েছে । এই উপলক্ষে পবিপ্রবিতে এক আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। র্যালি শেষে অনুষদীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা: সুশান্ত দাশ এবং বিশ্ব ডিম দিবস উদযাপন কমিটি-২০২৬ এর সদস্য সচিব প্রফেসর ড. প্রদীপ কুমার সরকার।
অনুষ্ঠানের ডিমের প্রয়োজনীয়তা,উপকারিতা, প্রাপ্যতা এবং বর্তমান সময়ে ডিমের মূল্য অস্বাভাবিক বৃদ্ধিজনিত বিষয়ে আলোচনা করা হয়।
ডিমকে বলা হয়ে থাকে পরিপূর্ণ খাদ্য। সারা পৃথিবীতে মাত্র কয়েকটি খাদ্যকে সুপার ফুড হিসেবে আখ্যা দেওয়া হয়- যার মধ্যে ডিম অন্যতম। বর্তমানে বাংলাদেশে ডিমের বাৎসরিক প্রাপ্যতা মাথাপিছু ১৩৫টি, গত বছর এই সংখ্যা ছিল ১৩৬টি।
৩০ বছর ধরে বিশ্বব্যাপী চলছে একটি ইতিবাচক ক্যাম্পেইন। যার মধ্য দিয়ে বিশ্বের মানুষের পুষ্টি চাহিদা পূরণে ডিমের প্রয়োজনীয়তার বার্তাটি সবার কাছে পৌঁছে দেয়া হচ্ছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মাইক্রোবায়োলজি এন্ড পাবলিক হেল্থ বিভাগের অধ্যাপক ড. মোস্তফা আনোয়ার বিশ্ব ডিম দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। ডিমের পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত গুরুত্ব তুলে ধরে তিনি প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম রাখার ওপর গুরুত্বারোপ করেন।”
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিসিপ্লিনের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খান মোহাম্মদ নাফিউ, বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবু বক্কর সিদ্দিক রাফি এবং এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাবাসসুম মোহনা।
বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবু বক্কর সিদ্দিক রাফি বলেন, “খামারিদের টিকিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে ভর্তুকি ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা প্রয়োজন। পাশাপাশি খামারিদের পুষ্টিগুণসমৃদ্ধ ও মানসম্মত ডিম উৎপাদনের প্রতি গুরুত্ব দিতে হবে।”
বিশ্ব ডিম দিবস উদযাপন কমিটি-২০২৬-এর সদস্য সচিব প্রফেসর ড. প্রদীপ কুমার সরকার প্রতিদিন ডিম খাওয়ার উপকারিতা ও ডিমের পুষ্টিগুণ নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এ সময় তিনি এবারের প্রতিপাদ্য ‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’ বিষয়টির তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম বলেন, “ডিম অত্যন্ত পুষ্টিকর খাদ্য হলেও সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে এর দাম কমানোর বিকল্প নেই। পোল্ট্রি ফিডের অতিরিক্ত দাম ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ডিমের দাম বৃদ্ধির অন্যতম কারণ। এ বিষয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা প্রয়োজন। তবেই সবার জন্য ডিম সহজলভ্য করা সম্ভব।”
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান বলেন, “আমাদের সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ থেকেই সেরাটা উদ্ভাবন করতে চাই। যুক্তিনির্ভর বিশ্লেষণ ও ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে সার্বজনীন নিরাপদ খাদ্য উৎপাদনই আমাদের মূল লক্ষ্য। এভাবেই দেশকে এগিয়ে নিতে চাই।”
আলোচনা সভায় বক্তারা ডিমের পুষ্টিগুণ, নিয়মিত ডিম খাওয়ার উপকারিতা এবং দেশের পোল্ট্রি খাতের উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
