মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চলন্ত অটোরিকশা থামিয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণ ও স্বর্ণালংকার লুটের মামলার প্রধান আসামি রাজাকে (২৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বত্রিশ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৪-এর সিপিসি-২, কিশোরগঞ্জের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে পাকুন্দিয়া থানার সংঘবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত এক নম্বর এই আসামিকে আটক করে।
বুধবার (১১ নভেম্বর) সাড়ে ১১টার দিকে এসআরবি-১৪-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, ভুক্তভোগী ওই নারী পূর্বে প্রবাসে ছিলেন। গত ৬ অক্টোবর সন্ধ্যা সাতটার দিকে পাকুন্দিয়া বাজার থেকে অটোরিকশায় চড়ে তিনি নিজ বাসায় ফিরছিলেন।
পথিমধ্যে সৈয়দগাঁও ফায়ার সার্ভিসের নিকটবর্তী পৌঁছালে আসামিরা অটোরিকশার গতি রোধ করেন। পরবর্তীতে তাঁকে জোরপূর্বক নামিয়ে একটি নির্জন ছাপড়া ঘরের নিচে নিয়ে যাওয়া হয়।
সেখানে রাজা এবং তাঁর দুই সহযোগী বিজয় (২৩) ও বাবু (২০) পর্যায়ক্রমে তাঁকে ধর্ষণ করেন। এ সময় তাঁর পরিহিত স্বর্ণালংকারও ছিনিয়ে নেওয়া হয়। পরে আসামিরা তাঁকে নানা ধরনের হুমকি প্রদান করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় গত ৮ অক্টোবর পাকুন্দিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। ওই মামলায় রাজাকে প্রধান আসামি করা হয়।
এসআরবি জানায়, গত ৪ নভেম্বর রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানার বাঁশবাড়ি এলাকা থেকে আলোচিত এই মামলার তিন নম্বর আসামি বাবুকে গ্রেপ্তার করা হয়েছিল।
গ্রেপ্তারকৃত রাজাকে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
