নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে নির্মাণাধীন বাড়ি মালিকের কাছে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি মামলার আসামি সফিকুল ইসলাম সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে নরসিংদী প্রেসক্লাবে হামলা মামলারও চার্জশীটভুক্ত পলাতক আসামি। গতকাল বুধবার বিকালে নরসিংদী সদর থানার ভেলানগর মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আর মামুন।
মামলার বিবরণের বরাতে ওসি জানান, গত ২২ আগস্ট নরসিংদী সদর থানার পৌর শহরের বিলাসদী মহল্লার একটি নির্মাণাধীন বাড়িতে গিয়ে সাংবাদিক পরিচয়ে সুমন ও তার সহযোগীরা বাড়ি মালিকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে ‘নরসিংদী গুপ্তচর’ নামক ফেসবুক পেজ থেকে বাদী মাহমুদা আরেফিন ও তার স্বামী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মানহানিকর ও মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়। এ ঘটনায় ভুক্তভোগী মাহমুদা আরেফিন কথিত সাংবাদিক ও তার সহযোগীর বিরুদ্ধে আদালতে অভিযোগ করলে আদালত নরসিংদী মডেল থানাকে মামলার নির্দেশ দেন। মামলার পর আলম মৃধা নামে তাঁর এক সহযোগী গ্রেপ্তার হলেও কথিত সাংবাদিক সফিকুল ইসলাম সুমন পলাতক ছিল।
এর আগে ২০২৫ সালের ২১ আগস্ট ঐতিহ্যবাহী নরসিংদী প্রেসক্লাবে হামলা ও লুটপাটের অভিযোগে করা মামলার চার্জশীটভুক্ত পলাতক আসামি সফিকুল ইসলাম সুমন। কোন স্বীকৃত গণমাধ্যমের পরিচয় না থাকলেও তাঁর বিরুদ্ধে জেলাজুড়ে বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যাংকার, সরকারি কর্মকর্তা, শিল্পপতিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের বিরুদ্ধে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও ফেসবুকে অপপ্রচারের অসংখ্য অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
