তুরস্কের আনতালিয়া থেকে মোঃ আবু বকর : ১১ নভেম্বর তুরস্কের ফার্স্ট লেডি, মহামান্য এমিনে এরদোয়ানের আহবানে আয়োজিত গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’- সভায় বক্তব্য রাখেন ডাক্তার জোবায়দা রহমান। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-কে জোরালোভাবে স্বাগত জানায় এবং সমর্থন করে। এটি একটি পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যকর জনগোষ্ঠী এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে বাংলাদেশ সরকারের যে লক্ষ্য, তার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।
বাংলাদেশ সরকারের ‘থ্রি-আর’ কৌশল বর্জ্যের রিডিউস, রিইউজ এবং রিসাইকেলকরণকে উৎসাহিত করে। আমাদের ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালাতেও’ বর্জ্য পৃথকীকরণ ও নিরাপদ অপসারণ ব্যবস্থাকে আরও জোরদার করে।
আমাদের ‘ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন’ (এনডিসি ৩.০) এর আওতায় বাংলাদেশ ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১.৭৮ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য নির্গমন কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে।
সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে রিসাইক্লিং, কম্পোস্টিং, ল্যান্ডফিল থেকে গ্যাস আহরণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, বর্জ্য পানির উন্নত শোধন এবং এবং চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত বর্জ্যের নিরাপদ ও টেকসই ব্যবস্থাপনা- যার মাধ্যমে এই বর্জ্যের যথাযথ পৃথকীকরণ, প্রক্রিয়াজাতকরণ এবং পরিবেশসম্মত অপসারণ নিশ্চিত করা হয়।
ঢাকায় একটি বৃহৎ ‘ওয়েস্ট-টু-এনার্জি’ বা বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরির প্রকল্প গড়ে তোলা হচ্ছে। এই প্রকল্পে
প্রতিদিন ৩,০০০ টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। আমরা বাংলাদেশের অন্যান্য বড় শহরগুলোতেও এ ধরনের প্রকল্পের বিস্তার ঘটাতে চাই।
বাংলাদেশ সরকারের লক্ষ্য খুব সহজ: শহরের বর্জ্যকে পরিচ্ছন্ন শক্তিতে রূপান্তর করা এবং পরিবেশ রক্ষা করা। এছাড়া প্লাস্টিক দূষণ কমাতে আমরা আমাদের লেক, খাল, পুকুর ও জলাশয়গুলো পরিচ্ছন্ন করার কাজও চালিয়ে যাচ্ছি।
প্লাস্টিকের একটি প্রাকৃতিক বিকল্প বাংলাদেশের কাছে রয়েছে, তা হলো আমাদের সোনালী আঁশ, পাট। প্লাস্টিকের পরিবর্তে আমরা পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছি। গ্রিন জোনে অবস্থিত ‘বাংলাদেশ জুট প্যাভিলিয়ন’ পরিদর্শনের জন্য আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।
‘গ্লোবাল মিথেন প্লেজ’-এর স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ মিথেন নির্গমন কমাতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জলবায়ু-বান্ধব কৃষি এবং উন্নত ধান চাষ পদ্ধতিকে উৎসাহিত করছি। এছাড়া, আমরা জৈব বর্জ্যকে জৈব সার ও পরিচ্ছন্ন শক্তিতে রূপান্তরিত করছি।
তবে একক প্রচেষ্টায় ‘জিরো ওয়েস্ট’ লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সাশ্রয়ী জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং সক্ষমতা বৃদ্ধি। সেই সাথে দরকার বেসরকারি খাতের জোরালো অংশগ্রহণ এবং অপ্রাতিষ্ঠানিক বর্জ্য কর্মীদের সঠিক সুরক্ষা।
তরুণ প্রজন্মকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন
আমাদের তরুণ প্রজন্মকে এই আন্দোলনের অন্তর্ভুক্ত করতে হবে। পরিবেশগত সচেতনতা গড়ে তোলার কাজ শুরু হতে হবে আমাদের ঘরবাড়ি, বিদ্যালয় ও সমাজ থেকে। আমাদের তরুণরা শুধু আগামী দিনের নেতাই নয়, আজকের দিনের সমস্যা সমাধানেরও অংশীদার।
বর্জ্যকে কোনো ব্যবহার ছাড়াই নষ্ট হতে দেওয়া উচিত নয়। বরং একে একটি সম্পদে, শক্তির উৎসে এবং প্রবৃদ্ধির সুযোগে পরিণত হওয়া উচিত। আসুন, আমরা বর্জ্যকে সম্পদে, দূষণকে সমাধানে এবং প্রতিশ্রুতিকে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করি।
বাংলাদেশ বিশ্বব্যাপী সহযোগিতা আরও সুদৃঢ় করতে এবং আমাদের সম্মিলিত প্রতিশ্রুতিগুলোকে বাস্তবায়িত করতে পুরোপুরি প্রস্তুত
