বৃহস্পতিবার | নভেম্বর ১২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুলাউড়ায় অবৈধ করাতকলে অভিযান, ৫ হাজার টাকা জরিমানা আদায়

কুলাউড়ায় অবৈধ করাতকলে অভিযান, ৫ হাজার টাকা জরিমানা আদায়

মো:সিপাউর রহমান, কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। এ সময় কয়েকটি করাতকল থেকে যন্ত্রপাতি ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। পাশাপাশি একটি করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে অর্থ আদায় করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাসের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে বন বিভাগের পক্ষে নেতৃত্ব দেন কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা রবিন সিংহ। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুলাউড়া থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানকালে উপজেলার বিভিন্ন এলাকার করাতকল পরিদর্শন করা হয়। এ সময় নিয়মবহির্ভূতভাবে পরিচালিত কয়েকটি করাতকল থেকে সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও সরঞ্জাম জব্দ করা হয়। পাশাপাশি একটি করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা করা হলে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বনজ সম্পদ সংরক্ষণ, অবৈধভাবে কাঠ প্রক্রিয়াজাতকরণ নিয়ন্ত্রণ এবং প্রচলিত আইন ও বিধিবিধান বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ করাতকলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে করাতকল পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও সরকারি নির্দেশনা মেনে চলার জন্য মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

তারা আরও জানান, পরিবেশ ও বনজ সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন ও বন বিভাগের সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে। আইন অমান্য করে করাতকল পরিচালনার তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা