বৃহস্পতিবার | নভেম্বর ১২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ আজ ঐতিহাসিক ১২ নভেম্বর, প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, কেড়ে নেয় ৫ লক্ষ মানুষ

আজ ঐতিহাসিক ১২ নভেম্বর, প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, কেড়ে নেয় ৫ লক্ষ মানুষ

মোঃ এরশাদুল ইসলাম আজাদ,ভোলা প্রতিনিধিঃ সেই একটি রাত, একটি প্রলয়, আর লাখো মানুষের আর্তনাদ। ১৯৭০ সালের ১২ নভেম্বর। উপকূলীয় বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ কালরাত্রি। প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মুহূর্তেই কেড়ে নেয় প্রায় ৫ লক্ষ মানুষের প্রাণ। ধ্বংসস্তূপে পরিণত হয় ভোলাসহ উপকূলীয় বিস্তীর্ণ জনপদ।

সেদিন বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ভয়াবহ ঘূর্ণিঝড়টি ২২০ কিলোমিটার গতিতে ক্রমেই শক্তিশালী হয়ে উপকূলের দিকে ধেয়ে আসে। ১২ নভেম্বর রাতে প্রবল বাতাস ও জলোচ্ছ্বাসে তছনছ হয়ে যায় উপকূলীয় জনপদ। প্রায় ৩০ ফুট পানি নদী ও সাগরের থেকে লোকালয়ে ঢুকে পড়ে। ঘরবাড়ি, গাছপালা, রাস্তাঘাট—কিছুই রক্ষা পায়নি প্রকৃতির সেই ভয়াল তাণ্ডব থেকে ভোলা পটুয়াখালী নোয়াখালী কক্সবাজার। তবে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয় ভোলা জেলা। দ্বীপজেলার বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ। মুহূর্তের মধ্যে হারিয়ে যায় অসংখ্য পরিবার। অনেক এলাকায় মানুষের মরদেহ ভেসে যায় পানিতে। বেঁচে যাওয়া মানুষ হারান তাঁদের প্রিয়জন, বসতভিটা ও জীবিকার শেষ সম্বল।
পরদিন ১৩ নভেম্বর সকালে পুরো ভোলা জেলায় পানি আর পানি, আর পানিতে ভাসছে লক্ষ লক্ষ মানুষের লাশ। মানুষের পাশাপাশি মারা যায় বিপুলসংখ্যক গবাদিপশু। নষ্ট হয়ে যায় ফসলি জমি। ধ্বংস হয় কৃষকের স্বপ্ন, বিপর্যস্ত হয়ে পড়ে উপকূলের অর্থনীতি।

ঘূর্ণিঝড়ের পর শুরু হয় বেঁচে থাকার আরেক যুদ্ধ। খাদ্য, বিশুদ্ধ পানি ও আশ্রয়ের অভাবে মানবেতর জীবনযাপন করতে হয় দুর্গত মানুষদের। স্বজন হারানোর বেদনা নিয়ে নতুন করে জীবন শুরু করতে হয় হাজারো পরিবারকে। সেই দুর্যোগের ক্ষত আজও বহন করছেন অনেক মানুষ ও তাঁদের পরবর্তী প্রজন্ম।

৫৬ বছর পেরিয়ে গেলেও ১৯৭০ সালের ১২ নভেম্বরের সেই ভয়াল স্মৃতি আজও ভোলাবাসীর হৃদয়ে অমলিন। সেই ভয়াবহ দুর্যোগ আমাদের শিখিয়েছে, উপকূলীয় মানুষের নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ।
বর্তমানে উপকূলীয় এলাকায় নির্মিত হয়েছে আশ্রয়কেন্দ্র, বেড়িবাঁধ এবং চালু রয়েছে ঘূর্ণিঝড় সতর্কীকরণ ব্যবস্থা। তবে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা উপকূলবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

১২ নভেম্বর শুধু একটি তারিখ নয়, এটি ভোলাসহ উপকূলীয় মানুষের বেদনার ইতিহাস। হারিয়ে যাওয়া লাখো প্রাণের স্মৃতি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে লড়াইয়ে প্রস্তুতির কোনো বিকল্প নেই।
সেই ভয়াল রাতে প্রাণ হারানো সকল মানুষের প্রতি গভীর শ্রদ্ধা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা