নুর মোহাম্মদ বাবু, কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে দিনব্যাপী স্কাউট ডে-ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শৃঙ্খলা, নৈতিকতা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত এ ক্যাম্পে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬০ জন কাব স্কাউট ও স্কাউটার অংশ নেয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার বড়ইছড়ি কর্ণফুলী নূরুলহুদা কাদেরী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউটস, কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে এ ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে উপজেলার ১০টি প্রাথমিক বিদ্যালয় থেকে ৬০ জন কাব স্কাউট এবং ১০টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮০ জন স্কাউটার অংশগ্রহণ করে। পাশাপাশি ১০ জন কাব শিক্ষক, ১০ জন ইউনিট লিডার ও ১০ জন প্রশিক্ষক ক্যাম্পে অংশ নেন।
জাতীয় পতাকা ও স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস, কাপ্তাই উপজেলা শাখার সভাপতি মো. রায়হানুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের সুশৃঙ্খল, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশ ও জনগণের কল্যাণে এবং যেকোনো দুর্যোগে স্কাউটরা সবসময় এগিয়ে আসে। তাই শিক্ষার্থীদের মধ্যে স্কাউটিংয়ের চর্চা আরও বাড়াতে হবে।
কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সহসভাপতি সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, বাংলাদেশ স্কাউটস কাপ্তাই উপজেলা শাখার সহসভাপতি খোরশেদুল আলম কাদেরী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আঁখি তালুকদার, বড়ইছড়ি কর্ণফুলী নূরুলহুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া এবং উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার ও সাংবাদিক কাজী মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কাপ্তাই উপজেলা স্কাউটসের কমিশনার ও কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু।
বাংলাদেশ স্কাউটস কাপ্তাই উপজেলা শাখার সম্পাদক এ বি এস সিরাজ আহমেদ চৌধুরী (উডব্যাজার) ও যুগ্ম সম্পাদক ফেরদৌস আক্তার (সিএলটি) অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
দিনব্যাপী ক্যাম্পে স্কাউটদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা স্কাউটসের কমিশনার মাহাবুব হাসান বাবু (উডব্যাজার), সম্পাদক সিরাজ আহমেদ চৌধুরী (উডব্যাজার), সহকারী লিডার ট্রেইনার লিটন চন্দ্র দে, ফেরদৌস আক্তার (সিএএলটি), উপজেলা স্কাউট লিডার কল্যাণ বিকাশ তনচংগ্যা, মাহাবুব ইলাহী (স্কিল কোর্স সম্পন্নকারী) এবং গার্লস ইন স্কাউট লিডার উমেচিং মারমা প্রমুখ।
আয়োজকরা জানান, স্কাউটদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি তাদের সেবামূলক কর্মকাণ্ডে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
কাপ্তাইয়ের ১৬০ শিক্ষার্থীর অংশগ্রহণে দিনব্যাপী এ স্কাউট ক্যাম্পে যেন তৈরি হলো আগামীর সুশৃঙ্খল, দায়িত্বশীল ও মানবিক নাগরিক গড়ার নতুন প্রত্যয়।
