বৃহস্পতিবার | নভেম্বর ১২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কিশোরগঞ্জের হাওরে ডাকাতির প্রস্তুতি : অভিযান চালিয়ে হজরত ডাকাতকে আটক করেছে পুলিশ

কিশোরগঞ্জের হাওরে ডাকাতির প্রস্তুতি : অভিযান চালিয়ে হজরত ডাকাতকে আটক করেছে পুলিশ

মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ‘হযরত ডাকাত’ নামে পরিচিত মো. হযরত আলীকে গ্রেপ্তার করেছে ইটনা থানা পুলিশ।

ডাকাতির প্রস্তুতির অভিযোগে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি রামদা ও একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টার দিকে ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নের কাকটেংগু গ্রামের হান্নান চেয়ারম্যানের বাড়িসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হযরত আলী মিঠামইন উপজেলার ঢাকি নয়াহাটি গ্রামের মৃত মঙ্গল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, হযরত আলী কাকটেংগু এলাকায় অবস্থান করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের অভিযান শুরু হয়।

বুধবার রাত থেকেই তার অবস্থান শনাক্ত করতে পুলিশের একাধিক দল তৎপরতা চালায়। পরে বৃহস্পতিবার এলংজুরী ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান ও তল্লাশি চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে আত্মগোপনের চেষ্টা করেন হযরত আলী।

তাকে খুঁজে বের করতে আশপাশের বিভিন্ন বাড়ি ও সম্ভাব্য অবস্থানে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে একটি পরিত্যক্ত ভবনের নিচে কাঠের স্তূপের আড়ালে লুকিয়ে থাকা অবস্থায় তাকে আটক করে পুলিশ। পরে তার কাছ থেকে দুটি রামদা ও একটি ছুরি উদ্ধার করা হয়।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ খাঁন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত থেকেই হযরত আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল।

বৃহস্পতিবার দিনভর বিভিন্ন স্থানে অভিযান ও তল্লাশি চালিয়ে এলংজুরী এলাকার একটি পরিত্যক্ত ভবনের নিচে কাঠের স্তূপের আড়াল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি রামদা ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা