শুক্রবার | নভেম্বর ১৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সোনারগাঁয়ে গরম পানি ঢেলে ঝলসে দেওয়া সেই কিশোরীর মৃত্যু

সোনারগাঁয়ে গরম পানি ঢেলে ঝলসে দেওয়া সেই কিশোরীর মৃত্যু

জনতা ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জেরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়া ১৩ বছর বয়সী আফরিন আক্তারের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের বাড়িতে তার মৃত্যু হয়।

গত ২৫ সেপ্টেম্বর ঘুমন্ত অবস্থায় আফরিনের শরীরে গরম পানি ঢেলে দেন তার মামি সোনিয়া আক্তার। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে এক মাস চিকিৎসার পর অর্থাভাবে তাকে বাড়িতে নিয়ে আসেন পরিবারের সদস্যরা।

এ ঘটনায় গত ২৭ অক্টোবর আফরিনের মা রওশন আরা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। মামলায় অভিযুক্ত মামা জাকির হোসেন, মামি সোনিয়া আক্তার ও সোনিয়ার বোন জামাই মোস্তফা মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

আফরিনের মা রওশন আরা অভিযোগ করেন, অর্থাভাবে মেয়ের চিকিৎসা শেষ করা সম্ভব হয়নি। চিকিৎসার খরচ বহন করতে না পারায় তার মেয়ের মৃত্যু হয়েছে। তিনি এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, এ ঘটনায় গ্রেপ্তার তিনজন কারাগারে রয়েছেন। কিশোরীর মায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা