স্টাফ রিপোর্টার: রাজধানীর একটি জনবহুল ও স্পর্শকাতর জনপদ মুগদা থানা। অপরাধের নানা সমীকরণ আর জটিলতার মধ্য দিয়ে চলা এই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এক ব্যতিক্রমী ও ইতিবাচক পরিবর্তনের নাম আহসান উল্ল্যাহ। চলতি বছরের ১৪ মার্চ মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদানের পর থেকেই তিনি নিজের সততা, নিষ্ঠা এবং আপসহীন সাহসিকতার মাধ্যমে অপরাধীদের ত্রাস এবং সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।
জানা যায়, কর্মনিষ্ঠার দীর্ঘ এক বর্ণাঢ্য ইতিহাস রয়েছে এই কর্মকর্তার। ২০০৫ ব্যাচের মেধাবী এই পুলিশ কর্মকর্তা বাংলাদেশ পুলিশে যোগদানের পর থেকেই নিজের পেশাদারিত্বের স্বাক্ষর রেখে চলেছেন। এর আগে পুলিশের বিশেষায়িত ইউনিট পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) এবং সিআইডিতে (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) কর্মরত থাকাকালীন তিনি বহু ক্লুলেস বা রহস্যজনক মামলার জট খুলেছেন। অত্যন্ত সূক্ষ্ম ও বুদ্ধিমত্তাপূর্ণ মামলার তদন্ত এবং চাঞ্চল্যকর অপরাধের রহস্য উদঘাটনের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার ও সম্মাননা।
স্থানীয় সূত্রে জানা যায়, মুগদা থানায় যোগদানের পর থেকেই ওসি আহসান উল্ল্যাহ সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে নানা কার্যকর পদক্ষেপ নিয়েছেন। থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের অভিযোগ অত্যন্ত গুরুত্বের সাথে শোনা এবং দ্রুত আইনগত ব্যবস্থা নিশ্চিত করার সংস্কৃতি গড়ে তুলেছেন তিনি। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং চাঁদাবাজির বিরুদ্ধে তাঁর জিরো টলারেন্স নীতি এলাকাবাসীর মনে স্বস্তি ফিরিয়ে এনেছে।
বিশেষজ্ঞ মহলের মতে, একজন দক্ষ তদন্ত কর্মকর্তা যখন মাঠপর্যায়ে থানার মতো গুরুত্বপূর্ণ একটি ইউনিটের নেতৃত্ব দেন, তখন পুরো এলাকার অপরাধ চিত্রে তার একটি গভীর প্রভাব পড়ে। ওসি আহসান উল্ল্যাহর ক্ষেত্রেও ঠিক তাই ঘটছে। মামলার তদন্তে তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতা ও সিআইডি-পিবিআইয়ের কর্মপদ্ধতির প্রয়োগ মুগদা থানার অপরাধ দমনে নতুন মাত্রা যোগ করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা জানান, নির্ঘুম রাত কাটিয়ে মামলার রহস্য উদঘাটন করার যে মানসিকতা তিনি সিআইডি ও পিবিআইতে গড়ে তুলেছিলেন, মুগদা থানার আইনশৃঙ্খলা রক্ষাতেও ঠিক সেই একই নিষ্ঠা ও সাহসিকতার পরিচয় দিচ্ছেন। অপরাধের প্রথাগত ধরন ভেঙে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক পুলিশিংয়ের মাধ্যমে ওসি আহসান উল্ল্যাহ মুগদা থানাকে একটি আদর্শ ও নিরাপদ জনপদে রূপান্তরিত করছেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, সততা ও সাহসিকতার এই ধারাবাহিকতা বজায় রেখে ওসি আহসান উল্ল্যাহ অচিরেই মুগদা থানাকে ঢাকা মহানগরীর অন্যতম একটি অপরাধমুক্ত ও জনবান্ধব থানায় রূপান্তরিত করবেন।
মুগদা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অতীতের তদন্তের অভিজ্ঞতা এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন ওসি আহসান উল্ল্যাহ জানান, মুগদাকে একটি শতভাগ নিরাপদ ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। সাধারণ মানুষের জীবনযাত্রায় বিঘ্ন ঘটায় এমন কোনো অপশক্তিকে ছাড় দেওয়া হচ্ছে না। মাদক কারবারি, চাঁদাবাজ কিংবা কিশোর গ্যাংয়ের কোনো ঠাঁই মুগদায় নেই। এ ক্ষেত্রে থানা পুলিশকে সাধারণ জনগণ যেভাবে তথ্য দিয়ে সহায়তা করছে, তা সত্যিই প্রশংসনীয়।
৯
