বুধবার | নভেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ আশেক উল্লাহ রফিকসহ তিন হ্যাচারির বিরুদ্ধে তদন্ত শুরু

অনুমোদনহীন ভেনামি পোনা উৎপাদন ও অবৈধ ব্রুড আমদানির অভিযোগ

আশেক উল্লাহ রফিকসহ তিন হ্যাচারির বিরুদ্ধে তদন্ত শুরু

এইচ এন আলম, কক্সবাজার : কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের মালিকানাধীন গোল্ডেন হ্যাচারিসহ তিনটি চিংড়ি হ্যাচারির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মৎস্য অধিদপ্তর। সরকারি অর্থের অপব্যবহার, অনুমোদন ছাড়াই ভেনামি চিংড়ির পোনা উৎপাদন ও বাজারজাতকরণ এবং অবৈধভাবে ব্রুড (প্রজননক্ষম চিংড়ি) আমদানির অভিযোগে এ তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তের আওতায় থাকা অন্য দুটি প্রতিষ্ঠান হলো এম কে হ্যাচারি ও মেরিগোল্ড হ্যাচারি। বুধবার (১৮ নভেম্বর) মৎস্য অধিদপ্তরের উপপরিচালক (রেসিডিউ মনিটরিং অ্যান্ড এলার্ট রেসপন্স) সরকার মুহাম্মদ রফিকুল আলমের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত দল আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।

কক্সবাজার শহরের কলাতলী এলাকার বাসিন্দা আবদুল আজিজের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মৎস্য অধিদপ্তর এ তদন্ত কমিটি গঠন করে। দুই দিনব্যাপী তদন্তের অংশ হিসেবে বুধবার ও বৃহস্পতিবার সংশ্লিষ্ট হ্যাচারিগুলো পরিদর্শন এবং অভিযোগকারীদের বক্তব্য নেওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত তদন্ত দল অভিযোগকারীদের বক্তব্য শোনে। পরে দলটি উখিয়ার সোনারপাড়ায় অবস্থিত এম কে হ্যাচারি পরিদর্শন করে। হ্যাচারিটির মালিক বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা মঈন উদ্দিন আহমেদ।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একই এলাকায় অবস্থিত গোল্ডেন হ্যাচারি ও মেরিগোল্ড হ্যাচারি পরিদর্শন করার কথা রয়েছে।

অভিযোগ অনুযায়ী, গোল্ডেন হ্যাচারির মালিক সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ও চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক শহিদুল ইসলাম।

অন্যদিকে মেরিগোল্ড হ্যাচারির মূল মালিক মহেশখালীর বাসিন্দা জমির উদ্দিন। তবে বর্তমানে সোনারপাড়ার সৈয়দ নুর ও মোহাম্মদ হাশেম ভাড়ায় প্রতিষ্ঠানটি নিয়ে উৎপাদন কার্যক্রম পরিচালনা করছেন বলে জানা গেছে।

তাদের মধ্যে মোহাম্মদ হাশেম কক্সবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীনুল হক মার্শালের সহযোগী হিসেবে পরিচিত। অপর ব্যক্তি চিংড়ি পোনা উৎপাদনকারী একটি হ্যাচারির সাবেক টেকনিশিয়ান বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তদন্ত কমিটি অভিযোগগুলোর সত্যতা, হ্যাচারিগুলোর উৎপাদন ও আমদানি কার্যক্রমের বৈধতা এবং সরকারি অর্থ ব্যবহারের বিষয়গুলো যাচাই করবে বলে জানা গেছে। তদন্ত শেষে কমিটির প্রতিবেদন পাওয়ার পর অভিযোগের বিষয়ে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি নির্ধারিত হতে পারে।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট হ্যাচারি মালিকদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা