বুধবার | নভেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা রাজধানীতে গান পাউডরসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ৩ নেতা-নেত্রী গ্রেফতার

রাজধানীতে গান পাউডরসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ৩ নেতা-নেত্রী গ্রেফতার

মো.নূর আলম ভূইয়া : রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডারসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিনজন নেতা- নেত্রীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মিরপুর বিভাগ। বুধবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় গোয়েন্দা মিরপুর বিভাগের একটি দল মিরপুর-১০ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ মামুন অর রশীদ (২৭) ২। ইব্রাহিম হোসেন মুন (৫০) ও ৩। মেঘলা মিলি (৪১)।

গোয়েন্দা মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, আগামী ডিসেম্বর মাসে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি সংঘবদ্ধ চক্র নাশকতার পরিকল্পনা করছে- এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা মিরপুর বিভাগের নজরদারি বৃদ্ধি করা হয়। সম্প্রতি সাংবাদিক জুলকারনাইন সায়েরের প্রকাশিত একটি অডিওর সূত্র ধরে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়। ওই অডিওতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনার বিষয়ে আলোচনা উঠে আসে বলে জানা যায়।

এরই ধারাবাহিকতায় (১৭ নভেম্বর) রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় গোয়েন্দা মিরপুর বিভাগের একটি দল মিরপুর-১০ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন অর রশীদকে ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডারসহ গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা মিরপুর বিভাগের একটি টিম মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে ইব্রাহিম হোসেন মুন ও মেঘলা মিলিকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন অর রশীদ জানায়, ঢাকাসহ মিরপুরের বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, নাশকতা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে মেহেরপুরের ছাত্রলীগের এক পদধারী নেতার মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে তিনি গান পাউডার সংগ্রহ করে। পরবর্তীতে মিরপুর ছাত্রলীগের এক নেতার মাধ্যমে ইব্রাহিম হোসেন মুন ও যুবলীগ নেত্রী মেঘলা মিলির কাছে হস্তান্তরের উদ্দেশ্যে গান পাউডার ঢাকায় নিয়ে আসে। এ কাজে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমন্বয় করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা