তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : শেরপুরের শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের কথিত নিকাহ রেজিস্টার
রাফিউল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার শেরপুরের বিজ্ঞ আদালতের বিচারক তার জামিন নাম মঞ্জুর করে তাকে জেলা কারাগারে প্রেরণ করেন। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে শ্রীবরদী থানা পুলিশ।
ধৃত রাফিউল ইসলাম চককাউরিয়া গ্রামের মৃত হামিদুল ইসলামের ছেলে।
সরকারি বিবাহ ও তালাক নিবন্ধন বহি জাল ছাপিয়ে ভুয়া বিবাহের কাবিননামা তৈরি করার অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়।
গত ৫ ই সেপ্টেম্বর ২০২৬ শেরপুর সদর থানার এস আই সাইফুল ইসলাম তার বিরুদ্ধে আদালতে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শেরপুর পৌরসভার বাগরাকসা এলাকার বাসিন্দা, দুই সন্তানের জনক আল-আমিন খান প্রতারণার মাধ্যমে অন্যের স্ত্রী ও দুই সন্তানের জননীকে জাল ও ভুয়া কাবিননামার মাধ্যমে বিয়ে করেন।
পরবর্তীতে জাল ও ভুয়া তালাকনামা প্রদান করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং সিআর আমলি আদালতে মামলা দায়ের করেন।
আদালতের নির্দেশক্রমে পিবিআই শেরপুর ও শেরপুর সদর থানা পুলিশ সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করে। আদালত ইতোমধ্যে আল-আমিন খান কে জেলহাজতে পাঠিয়েছেন। পাশাপাশি জাল ও ভুয়া কাজীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
উল্লেখ্য শ্রীবরদী সাব-রেজিস্ট্রার গত ৯/১১/২০২৩ ইং তারিখে ৪২৮(৮) স্মারকমূলে জাল প্যানেল প্রস্তুতের বিষয়ে আইন মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করেছেন। এছাড়া জেলা রেজিস্ট্রার, শেরপুর তাঁর জাল বালাম বহি জব্দ করে গত ১৬/০৯/২০২৫ ইং তারিখে আইন মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করেছেন।
পরবর্তীতে সরকার ৪ নং তাতীহাটী ইউনিয়নে ৬ নং শ্রীবরদী ইউনিয়নের কাজী আবু তাহেরকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করেছেন। বর্তমানে কাজী আবু তাহের ওই এলাকায় বিবাহ ও তালাক নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছেন।
