বৃহস্পতিবার | নভেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সেন্টমার্টিনে আটকা দেড় হাজার পর্যটক, বৈরী আবহাওয়ায় সব ধরনের নৌ-চলাচল বন্ধ

নিরাপদে ফেরানো নিয়ে অনিশ্চয়তা

সেন্টমার্টিনে আটকা দেড় হাজার পর্যটক, বৈরী আবহাওয়ায় সব ধরনের নৌ-চলাচল বন্ধ

এইচ এন আলম, কক্সবাজার : বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েছেন। সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার-সেন্টমার্টিনসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন নৌপথে পর্যটকবাহীসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

দ্বীপে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এমভি বারো আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ—এই চারটি জাহাজে করে
প্রায় দেড়হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণে যান। কিন্তু হঠাৎ আবহাওয়া পরিস্থিতির অবনতি এবং সাগর উত্তাল হয়ে ওঠায় জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় দেড় হাজার পর্যটক দ্বীপে আটকা পড়েন।

বুধবার (১৮ নভেম্বর) বিআইডব্লিউটিএর চট্টগ্রাম কার্যালয়ের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ থেকে জারি করা এক আবহাওয়া সতর্কীকরণ নৌ-বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ১৮ নভেম্বরের সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে কক্সবাজার-সেন্টমার্টিনসহ চট্টগ্রাম বিভাগের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন নৌপথে চলাচলকারী নৌযানের মালিক ও মাস্টারদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় চট্টগ্রাম-চরগজারিয়া, কুমিরা-গুপ্তছড়া, বাঁশখালী-কুতুবদিয়া, পেকুয়া-কুতুবদিয়া, কক্সবাজার-মহেশখালী, টেকনাফ-সেন্টমার্টিন ও নোয়াখালী-হাতিয়াসহ সংশ্লিষ্ট সব নৌপথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকবাহীসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিআইডব্লিউটিএর চট্টগ্রাম বিভাগের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক নয়ন শীল।

এদিকে জাহাজ চলাচল বন্ধ থাকলেও কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে স্পিডবোটে শাহপরীরদ্বীপ জেটিঘাট হয়ে টেকনাফে পৌঁছেছেন। উত্তাল সাগরে এভাবে ঝুঁকি নিয়ে যাতায়াতের ঘটনায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে বেশ কিছু পর্যটক আটকা পড়েছেন। তবে তাঁরা স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাঁদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।

সী ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল বন্ধ রয়েছে।

আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে দ্বীপে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রায় দেড় হাজার পর্যটক কবে নাগাদ নিরাপদে টেকনাফে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। আবহাওয়া পরিস্থিতির উন্নতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছেন পর্যটক ও স্থানীয়রা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা