বৃহস্পতিবার | নভেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ অফিস সহকারীর বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ১ লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ

মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সের

অফিস সহকারীর বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ১ লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ

মেহেদী হাসান সিরাজী, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী লুৎফর রহমানের বিরুদ্ধে আউটসোর্সিংয়ের মাধ্যমে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারী কর্মীর কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। চাকরি হারিয়ে ও টাকা ফেরত না পেয়ে বর্তমানে চরম মানবেতর জীবনযাপন করছেন ওই নারী। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মহেশপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগী সিমু আক্তার অভিযোগ করেন, তিনি ২০১৯ সাল থেকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট কাউন্টারে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত ছিলেন। চাকরি দেওয়ার কথা বলে হাসপাতালের অফিস সহকারী লুৎফর রহমান তাঁর কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা নেন।

সিমু আক্তারের অভিযোগ, সম্প্রতি লুৎফর রহমান মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁর আপন ভাতিজাকে চাকরিতে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করেছেন। একই সঙ্গে পান্না নামে এক নারীকে তাঁর জায়গায় বসানো হয়েছে। ফলে দীর্ঘদিন কর্মরত থাকার পরও তাঁকে কর্মস্থলে আর কাজ করতে দেওয়া হচ্ছে না।

ভুক্তভোগী জানান, চাকরি হারানোর পর থেকে তিনি পরিবার নিয়ে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। প্রতিদিন মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কাজের সুযোগ চাইলেও তাঁকে কাজে যোগ দিতে দেওয়া হচ্ছে না। বর্তমানে তিনি দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।

সাংবাদিক সম্মেলনে তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত, চাকরি ফিরে পাওয়া এবং অভিযুক্তের কাছ থেকে নেওয়া টাকা ফেরত পাওয়ার দাবি জানান। পাশাপাশি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

তবে অভিযুক্ত অফিস সহকারী লুৎফর রহমান তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা