বৃহস্পতিবার | নভেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুলাউড়ার দক্ষিণ বাজারের সম্মুখে ড্রেনের কাজ শুরু

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল কর্তৃপক্ষ :

কুলাউড়ার দক্ষিণ বাজারের সম্মুখে ড্রেনের কাজ শুরু

মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া মৌলভীবাজার : দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পুনরায় শুরু হয়েছে মৌলভীবাজারের কুলাউড়া দক্ষিণ বাজার চৌরাস্তার অসম্পূর্ণ ড্রেন নির্মাণকাজ।

কুলাউড়া টিম জার্নালিস্টের ২২ জন সাংবাদিক জাতীয় দৈনিক ও স্থানীয় পেইজে বিষয়টি তুলে ধরার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে জনদুর্ভোগের চিত্র। এরপর শুরু হয় বন্ধ থাকা নির্মাণকাজ।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ বাজার চৌরাস্তার ড্রেন নির্মাণকাজ দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। গুরুত্বপূর্ণ বাজার এলাকায় অসম্পূর্ণ ড্রেনের কারণে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল।

এ অবস্থায় কুলাউড়া টিম জার্নালিস্টের সাংবাদিকরা বিষয়টি জনসম্মুখে তুলে ধরেন। সংগঠনটির ২২ জন সাংবাদিক জাতীয় দৈনিক পত্রিকা ও স্যাটেলাইট টেলিভিশনের মাধ্যমে সমস্যাটির গুরুত্ব তুলে ধরেন। সংবাদ প্রকাশের পর অবশেষে ড্রেন নির্মাণকাজ পুনরায় শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়েছে।

ব্যবসায়ী ও পথচারীরা বলছেন, দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে কাজ শুরু হওয়া ইতিবাচক উদ্যোগ। তবে অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করতে হবে, যাতে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন।

স্থানীয়দের প্রত্যাশা, দক্ষিণ বাজারের এই সমস্যার স্থায়ী সমাধানের মধ্য দিয়ে কুলাউড়া শহরের অন্যান্য জনদুর্ভোগ নিরসনেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ভূমিকা রাখবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা