বৃহস্পতিবার | নভেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নির্দেশ না মানলে ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান, টমটম-অটোরিকশা পার্কিংও নিষিদ্ধ

২২ নভেম্বরের মধ্যে সৈকতের অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ

নির্দেশ না মানলে ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান, টমটম-অটোরিকশা পার্কিংও নিষিদ্ধ

এইচ এন আলম, কক্সবাজার : কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টসহ আশপাশের এলাকায় গড়ে ওঠা সব অবৈধ দোকানপাট, হকার ও স্থাপনা আগামী ২২ নভেম্বরের মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। নির্ধারিত সময়ের মধ্যে এসব স্থাপনা সরানো না হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি উচ্ছেদ অভিযান চালানো হবে।

১৮ নভেম্বর কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেল থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল রহমান সায়েম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্রসৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট এবং ভাসমান হকারদের কারণে পর্যটকদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি সৈকতের নান্দনিক সৌন্দর্যও নষ্ট হচ্ছে। এ অবস্থায় আগামী ২২ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট এলাকার সব অবৈধ স্থাপনা ও হকার নিজ দায়িত্বে সরিয়ে নিতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, সুগন্ধা তথ্যকেন্দ্র ও কলাতলী ডলফিন মোড়সংলগ্ন সড়কে যত্রতত্র ব্যাটারিচালিত টমটম ও অটোরিকশা পার্কিং এবং যাত্রী ওঠানামা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ নির্দেশ অমান্য করলে যানবাহন জব্দসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নির্দেশনা বাস্তবায়ন এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা তথ্য অফিসের উদ্যোগে মাইকিং করে প্রচারণা চালানো হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পর্যটকদের নির্বিঘ্ন চলাচল, যানজট নিরসন এবং পর্যটন নগরীর সার্বিক পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ী, হকার ও পরিবহনসংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা