পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদে ১৩ বছর বয়সী ছেলেকে হত্যা করে লাশ সন্ধ্যা নদীতে ফেলে দেওয়ার অভিযোগে করা মামলায় তার বাক্প্রতিবন্ধী বাবা আরিফকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পিরোজপুরের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে মামলার তদন্তের স্বার্থে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ও নেছারাবাদ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত কুমার সরদার রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
তদন্ত কর্মকর্তা সুব্রত কুমার সরদার জানান, ১২ নভেম্বর বিকেলে শিশু সিয়াম তার বাবা আরিফ বাড়ীর কাছে সন্ধ্যা নদীতে মাছ ধরতে যায়। তারপর থেকে বাবা-ছেলে দুজনই নিখোঁজ ছিল। পরদিন ১৩ নভেম্বর আরিফকে নিজ গ্রাম গোবিন্দগুহকাঠিতে দেখতে পান পরিবারের সদস্যরা। তবে সিয়ামের কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরে ১৪ নভেম্বর সকালে উপজেলার রাজবাড়ী লঞ্চঘাটসংলগ্ন সন্ধ্যা নদীতে শিশুটির ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবরদেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের পর শিশুটির ঘাড়ের পেছনে গভীর জখম এবং মাথা ও পিঠে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়।
মামলার বাদী ও নিহত শিশুর চাচা পলাশ অভিযোগ করেন, বাবার সঙ্গে মাছ ধরতে যাওয়ার পর বাবা-ছেলে দুজনই নিখোঁজ হয়। পরদিন আরিফকে পাওয়া গেলেও সিয়ামের বিষয়ে তিনি কিছু জানাননি। পরে নদীতে ভাতিজার মরদেহ পাওয়া যায়। পলাশের দাবি, নৌকায় মাছ ধরার সময় বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে আরিফ ছেলেকে থাপ্পড় মারলে সিয়াম বইঠা দিয়ে বাবাকে আঘাত করে। এতে ক্ষিপ্ত হয়ে আরিফ নৌকায় থাকা দা দিয়ে পেছন থেকে ছেলেকে কোপ দেন।
পুলিশ জানিয়েছে, রিমান্ডে বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী বিশেষজ্ঞ দ্বারা আসামিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তথ্য উদ্ঘাটনের চেষ্টা করা হবে।
২৩
