মোঃ মনজুর মোল্লা, ঢাকা : গত কয়েক দিনের ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ, ভাঙচুর এবং বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনায় দেশের জননিরাপত্তা পরিস্থিতি নতুন করে উদ্বেগের মুখে পড়েছে।
বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যে উত্তেজনা তৈরি হয়েছে, তাতে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে ক্ষমতাসীন বিএনপিকে।
এছাড়াও সামনে ডিসেম্বর মাস। এই মাসকে ঘিরে আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক তৎপরতা ও মাঠপর্যায়ে সংগঠিত হওয়ার প্রচেষ্টার খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা মোকাবিলায় বিএনপি সরকার কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে?
একের পর এক বিস্ফোরণ, বাড়ছে জনমনে আতঙ্ক
গত কয়েক দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন, রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা এবং বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। বিশেষ করে গণপরিবহনে আগুন, সড়কে বিস্ফোরণ এবং রাতের আঁধারে বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা জনজীবনে নতুন আতঙ্ক সৃষ্টি করেছে।
শুধু রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা নয়, সাধারণ মানুষের জানমাল, ব্যবসা-বাণিজ্য, যান চলাচল এবং নাগরিক জীবনের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করাই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।
বিশেষ করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, থানা ও পুলিশের যানবাহনে হামলা, সড়ক অবরোধ এবং বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। এসব ঘটনার পর কয়েকটি জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনী বিজিবি মোতায়েন এবং পুলিশের অতিরিক্ত টহলও পরিস্থিতির গুরুত্ব তুলে ধরছে।
রাজনৈতিকভাবে আওয়ামী লীগের মাঠে ফেরার চেষ্টা কিংবা সংগঠন পুনর্গঠনের তৎপরতা কতটা সফল হবে, সেটি ভবিষ্যতের বিষয়। কিন্তু এসব তৎপরতাকে কেন্দ্র করে যদি সহিংসতা ছড়ায়, তাহলে তার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর। ফলে ডিসেম্বরের রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় বিএনপিকে এখন থেকেই কার্যকর পরিকল্পনা নিতে হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এ পরিস্থিতি মোকাবিলায় শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোই যথেষ্ট নয়; প্রয়োজন সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান, কার্যকর নিরাপত্তা কৌশল এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ। তবে সরকারের রাজনৈতিক ও অর্থনৈতিক নীতির বিষয়ে স্পষ্ট অবস্থান না থাকলে সংকট মোকাবিলায় কার্যকর নেতৃত্ব দেওয়া কঠিন হতে পারে।
বিশ্লেষকদের ভিন্ন ভিন্ন মূল্যায়ন: রাষ্ট্রবিজ্ঞানী, শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ড. দিলারা চৌধুরী মনে করেন, বিএনপি সরকার আসলে কোন পথে এগোতে চায়, সে বিষয়ে এখনো স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। সরকারের নীতিগত অবস্থানের অস্পষ্টতা রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণকেও কঠিন করে তুলছে।
দৈনিক জনতাকে তিনি বলেন, ‘সবচেয়ে বড় কথা হলো, বিএনপি সরকার কী করতে চায়, কোনো ব্যাপারেই সুনির্দিষ্ট ধারণা নেই। তাদের অর্থনৈতিক পলিসি কী হবে, এসব বিষয়েও কখনো ক্লিয়ার করে না। সুতরাং এখানে বক্তব্য রাখা খুব মুশকিল।’
তিনি আরও বলেন, ‘বিএনপি তাদের সিদ্ধান্তে এক্সাক্টলি কী চায়, এসব ইস্যুতে তা স্পষ্ট করে না। সুতরাং কোন পরিস্থিতিতে কী করা উচিত, সেটি বলা সম্ভব নয়।’
দিলারা চৌধুরী আরও মনে করেন, সরকারের নীতিগত স্বচ্ছতা ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে ঘাটতি রয়েছে। বিশেষ করে ডিসেম্বরকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হলে সরকারের অবস্থান কী হবে, বিরোধী রাজনৈতিক তৎপরতা কীভাবে মোকাবিলা করা হবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে—এসব বিষয়ে আগাম সুস্পষ্ট পরিকল্পনার প্রয়োজনীয়তা রয়েছে।
অন্যদিকে, জাতীয় অধ্যাপক, শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. মাহবুব উল্লাহর বিশ্লেষণে গুরুত্ব পেয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের চেষ্টা, সহিংসতার আশঙ্কা এবং জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা।
দৈনিক জনতাকে তিনি বলেন, ‘এক নম্বর কথা হলো, আওয়ামী লীগকে ২৪-এর গণঅভ্যুত্থানে দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। তারা তাদের নেতৃত্ব দেশ থেকে পালিয়ে গেছে। এখন তারা যেকোনোভাবে প্রত্যাবর্তনের কৌশল গ্রহণ করেছে। এ জন্য তারা নানা কর্মকাণ্ড, বিশেষ করে সহিংস কর্মকাণ্ড করে জানান দিতে চাচ্ছে যে তারা এখনো আছে। তাদের এই পথে সফল হওয়ার সম্ভাবনা আমি দেখি না।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মাহবুব উল্লাহ বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য সরকারকে যা করা দরকার, সেটা করতে হবে। মানুষের নিরাপত্তার জন্য যা করা উচিত, সেটা করতে হবে, যাতে মানুষ তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে।’
তিনি আরও বলেন, ‘এমনিতে তাদের এই হুমকির খুব গুরুত্ব ছিল না, যদি না এর সঙ্গে ভারতীয় আধিপত্যবাদ যুক্ত থাকত। সেজন্য জাতীয় ঐক্য প্রয়োজন। জাতীয় ঐক্য তৈরি করার জন্য সরকারকে এবং অন্যান্যদের আন্তরিকভাবে চেষ্টা করতে হবে।’
নেতাদের বক্তব্য ও দলের অবস্থান: চলমান দেশের রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে বিএনপির একাধিক সিনিয়র ও দায়িত্বশীল নেতা জানান, বর্তমান পরিস্থিতিতে বিএনপি সরকারের সামনে কেবল রাজনৈতিক প্রতিপক্ষের কর্মসূচি মোকাবিলা নয়; বরং রাষ্ট্রের নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করার দায়িত্বও রয়েছে।
তারা বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো বিচ্ছিন্ন অপরাধ হিসেবে দেখার পাশাপাশি প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং সহিংসতার সম্ভাব্য নেটওয়ার্ক চিহ্নিত করা জরুরি। একই সঙ্গে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার মাধ্যমে আইনের শাসনের প্রতি জনগণের আস্থা প্রতিষ্ঠা করতে হবে।
এ বিষয়ে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন দৈনিক জনতাকে বলেন, বিজয়ের মাসে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথ দখলে রাখা হবে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্যে কোনো ধরনের অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।
তিনি বলেন, আসন্ন ডিসেম্বরকে ঘিরে পলাতক শেখ হাসিনা ও তাঁর নেতারা দেশে অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া এবং পটকা ফাটিয়ে জনমনে ভীতি সৃষ্টির চেষ্টা চলছে। এসব অপচেষ্টা কঠোর হাতে মোকাবিলা করা হবে। বিএনপির শক্তির মূল উৎস জনগণ। জনগণ পাশে থাকলে কোনো অপশক্তি সফল হতে পারবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নে জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো অপশক্তি ও অপচেষ্টার দাঁতভাঙা জবাব দিতে বিএনপি প্রস্তুত আছে বলেও দাবি করেন তিনি।
বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলা) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ দৈনিক জনতাকে বলেন, প্রধানমন্ত্রী পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ লাভ করেছিলাম। ২৪-এর জুলাই বিপ্লবের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল বলে সেদিন ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ফ্যাসিস্টের দোসররা আজকে দেশের ভেতরে, অভ্যন্তরে এবং দেশের বাইরে থেকে দেশটাকে আবারও পরনির্ভরশীল করার জন্য একটা হীন প্রচেষ্টায় তারা মাঠে নেমেছে; তারা দেশটাকে পরনির্ভরশীল করে দিতে চান এবং দেশের স্বাধীনতাকে ধ্বংস করে দিতে চান। সবকিছু মিলিয়ে প্রধানমন্ত্রী যেটা বলেছেন, দেশ ও জাতিকে রক্ষা করার জন্য তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। এই দেশের মানুষ যারা দেশকে ভালোবাসে ও দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে, তারা তাঁর ডাকে সাড়া দিয়ে দেশ ধ্বংসকারী ও দেশকে অন্যের হাতে তুলে দিতে চাওয়া অপশক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্যে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করবেন—এ বিষয়ে প্রধানমন্ত্রী প্রশংসা অর্জন করেছেন।
অপরদিকে বিরোধী দলের নেতাও গতকাল সংসদে এমন একটা ঐক্যের আহ্বান জানিয়েছেন জাতি ও দেশ রক্ষা করার জন্য। তাই এই সংকটকালীন সময়ে ফ্যাসিস্টের অবৈধ কর্মকাণ্ডের কারণে মানুষ ধীরে ধীরে ঐক্যবদ্ধ হচ্ছে এবং এই চেষ্টা চিরতরে নির্মূল হবে বলে তাঁর বিশ্বাস।
জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দৈনিক জনতাকে বলেন, সম্প্রতি রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেল ও বোমা বিস্ফোরণ রাজনৈতিক কোনো ঘটনা নয়, এগুলো আইনশৃঙ্খলা পরিস্থিতি। আইনশৃঙ্খলা ভালো থাকুক, এটা প্রত্যেকটি দেশের মানুষই চায়। সে ব্যাপারে সরকার কঠোর হওয়া ছাড়া মানুষকে নিরাপত্তা দেওয়া কঠিন। সরকার যদি একটু কঠোর হয় তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যাবে।
ডিসেম্বরকে ঘিরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দেশে ফেরার ঘোষণা রাজনৈতিকভাবে বিএনপির জন্য কোনো ধরনের থ্রেট কি না জানতে চাইলে তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশে নেই। তাদের নেত্রীও নেই, নেতাকর্মীও নেই। বিচ্ছিন্ন যেসব ঘটনা ঘটছে এসব বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার যদি কঠোর হয় তাহলে বিএনপির আর কোনো রাজনৈতিক পদক্ষেপ লাগবে বলে তাঁর মনে হয় না।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান দৈনিক জনতাকে বলেন, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা বৈঠকে বসেছিলেন এবং সংসদীয় কমিটির বৈঠক হয়েছে। সেখানে কী হয়েছে তা আপনারা শুনেছেন, প্রধানমন্ত্রী কী বলেছেন তাও শুনেছেন। তিনি যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, সেভাবেই সবাই মিলে—যেমনটা ২৪-এর গণআন্দোলনে হয়েছিল—জাতীয় ঐক্যের মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষকে নিয়ে এসে আমরা প্রতিহত করব
৬
