শুক্রবার | নভেম্বর ২০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ‎ঐতিহাসিক রায়ের পরদিন রোহিঙ্গা শিবিরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

‎নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ার আশা শরণার্থীদের

‎ঐতিহাসিক রায়ের পরদিন রোহিঙ্গা শিবিরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

‎কক্সবাজার উখিয়া থেকে আবু বক্কর সিদ্দিক : ‎​মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় ঘোষণার পরদিনই কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
‎
‎​শুক্রবার (২০ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে তিনি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। ক্যাম্পে পৌঁছালে শরণার্থীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরিদর্শনকালে তিনি সাধারণ রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান দুর্ভোগ, নিরাপত্তাহীনতা ও নিজ দেশে ফিরে যাওয়ার দীর্ঘদিনের আকাঙ্ক্ষার কথা শোনেন।
‎
‎​এ সময় সাংবাদিক ও উপস্থিত শরণার্থীদের উদ্দেশে ড. খলিলুর রহমান বলেন, ‘আজ সকালে আমি একটি বিশেষ সময়ে, বিশেষ দিনে এবং এক ঐতিহাসিক মুহূর্তে ক্যাম্পে এসেছি। গতকাল আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা সংঘটনের বিষয়ে রায় দিয়েছেন। আদালতের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক ঘটনা।’
‎
‎​জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করছেন। উল্লেখ্য, এর আগে তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
‎
‎​শিবিরে অবস্থানরত রোহিঙ্গাদের কাছে আইসিজের এই রায় কেবল ন্যায়বিচার ও আন্তর্জাতিক স্বীকৃতির বিষয় নয়, বরং নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার ক্ষেত্রেও একটি বড় মাইলফলক। তাদের বিশ্বাস, এই রায়ের ফলে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ আরও বাড়বে এবং নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ সুগম হবে।
‎
‎​এ বিষয়ে ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং বলেন, ‘বাংলাদেশ সরকার ও এ দেশের মানুষ আমাদের আশ্রয় দিয়ে জীবন বাঁচিয়েছেন। এ জন্য আমরা চিরকৃতজ্ঞ। কিন্তু আমরা আজীবন শরণার্থীশিবিরে থাকতে চাই না। আমাদের চূড়ান্ত লক্ষ্য মিয়ানমারে নিজেদের ঘরে ফিরে যাওয়া। তবে সে জন্য আমাদের নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।’
‎
‎​জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির এই সফরকে স্বাগত জানিয়ে কিন মং আশা প্রকাশ করেন, ড. খলিলুর রহমান রোহিঙ্গাদের দুর্ভোগ ও প্রত্যাবাসনের এই ন্যায্য দাবির কথা বিশ্ব দরবারে আরও জোরালোভাবে তুলে ধরবেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা