মো. কেফাইতুল ভুঁইয়া, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আধুনিক কৃষিপ্রযুক্তির আওতায় আনতে বিনামূল্যে ১৮টি কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৯টি লো লিফট পাম্প (এলএলপি) ও ৯টি পাওয়ার থ্রেসার। এসব যন্ত্র ব্যবহারের মাধ্যমে উপজেলার ১৮টি কৃষক গ্রুপের ৫৪০ জন কৃষক উপকৃত হবেন।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে বিজয়নগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় এসব কৃষিযন্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শ্যামল বলেন, কৃষকদের উন্নয়ন ও কৃষি উৎপাদন বাড়াতে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ, কৃষক কার্ড প্রণয়ন এবং বিনামূল্যে বীজ, সার ও কৃষিযন্ত্র বিতরণের মাধ্যমে কৃষিকে আরও সমৃদ্ধ করার কাজ চলছে। কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়লে উৎপাদন খরচ ও সময় দুটোই কমবে। পাশাপাশি কৃষকের আয় বাড়বে এবং দেশের খাদ্যনিরাপত্তা আরও শক্তিশালী হবে। এ সময় তিনি বিতরণ করা যন্ত্রপাতিগুলো যথাযথভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণের জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান। তিনি বলেন, কৃষিকে আধুনিক ও টেকসই করতে কৃষি যান্ত্রিকীকরণের বিকল্প নেই। সরকারের এ প্রকল্পের সুফল যাতে প্রকৃত কৃষকদের কাছে পৌঁছায়, সে বিষয়ে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, কৃষকদের আধুনিক কৃষিপ্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং উৎপাদনশীলতা বাড়ানোই এ প্রকল্পের মূল লক্ষ্য। এর আওতায় উপজেলার ১৮টি কৃষক গ্রুপের মধ্যে ৯টি লো লিফট পাম্প ও ৯টি পাওয়ার থ্রেসার বিতরণ করা হয়েছে। এসব যন্ত্রপাতির সুবিধা পাবেন ৫৪০ জন কৃষক। পর্যায়ক্রমে প্রকল্পের আওতায় আরও কৃষিযন্ত্র বিতরণ করা হবে।
যন্ত্রপাতি পেয়ে সন্তোষ প্রকাশ করেন চান্দুরা কৃষক গ্রুপের সদস্য মো. ফারুক খান। তিনি বলেন, এসব যন্ত্র ব্যবহারের ফলে কৃষিকাজ অনেক সহজ হবে। একই সঙ্গে সময় ও খরচ সাশ্রয় হবে। কৃষকেরা দলগতভাবে এসব যন্ত্রের সুবিধা ভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি নেতা গিয়াসউদ্দিন, জমির হোসেন, অ্যাডভোকেট ইমাম হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াছির আরাফাত, তিলোত্তমা রায় তমা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. নুরে আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জহিরুল ইসলাম ও মো. আশরাফুল আলমসহ কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
