শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হলো মান্দি( গারো) জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী প্রধান উৎসব ওয়ানগালা ২০২৬।
শ্রীপুর পৌর এলাকার ৫নং ওয়ার্ডের কেওয়া পূর্ব খন্ড গ্রামের “কেওয়াচালা ওয়ানগালা ২০২৬” নমের এই উৎসব শুক্রবার সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে। তবে ওয়ান গলার আলোচনা সভা ও নাচ গানের মূল উৎসব ছিল সন্ধ্যার পর।
ওয়ানগালা উৎসবে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা। কেওয়াচালা ওয়ানগালা ২০২৬ অনুষ্ঠানের নকমা ও শ্রীপুর উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাগর সাংমার সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন ট্রাইবাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত অরণ্য ই. চিরান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেওয়াচালা ব্যাপ্টিস্ট চার্চ এর পালক আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে পরিবেশন করা হয় গারো সংস্কৃতির বিভিন্ন পরিবেশা । অনুষ্ঠান মঞ্চে মান্দি ভাষায় কবিতা, গান ও গানের তালে নৃত্য পরিবেশন করা হয়। এর আগে সকালে গারো সম্প্রদায়ের নিজস্ব ধারায় ধর্মীয় আচারানুষ্ঠানে অংশ নেন কেওয়াচালা ও গাজীপুরের বিভিন্ন অঞ্চলের নৃগোষ্ঠীর লোকজন।
ওয়ানগালা উৎসবে উপস্থিত হয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে,প্রধান অতিথির বক্তব্যে ডাঃ বাচ্চু এমপি বলেন, “ এই অঞ্চলে বসবাসকারী আদিবাসীদের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর এবং মধুর। তাঁদের আমরা আসলে অন্য সংস্কৃতির বলে মনে করি না। তাঁরা আমাদের মানুষ। সবাইকে নিয়ে আমরা সুন্দর বাংলাদেশের সুস্থ সাংস্কৃতিক ধারা গড়ে তুলতে চাই।
অনুষ্ঠানের বক্তব্য দেন,শ্রীপুর উপজেলার বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবীর সরকার,সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, আবুল হোসেন প্রধান। গাজীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু তাহের প্রধান।
