শুক্রবার | নভেম্বর ২০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৮ সদস্যসহ গ্রেপ্তার ১৬

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৮ সদস্যসহ গ্রেপ্তার ১৬

রিয়াজ উদ্দিন, কক্সবাজার: কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৩ জনকে পুলিশ আইনের ৩৪ ধারায় এবং তিনজনকে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে আটজন কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় ছিনতাইকারী গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেপ্তার ১৩ জন হলেন—রামুর চেইন্দা স্টেশনের মোহাম্মদ শহিদুল্লা (১৯) ও ইমতিয়াজ মাহমুদ জিসান (২০), কক্সবাজার পৌরসভার মধ্যম নুনিয়ারছড়ার মোহাম্মদ তারজিদ (২১), মেম্বারঘাটার মো. আব্দুল্লাহ (২২), বগুড়ার মো. রেজাউল করিম (৪২), টেকনাফের হ্নীলার বাপ্পী কর্মকার ও হাবিবুর রহমান (২০), খুরুশকুলের কাকন দে (২৯), চট্টগ্রামের বাঁশখালীর মো. হাফেজ (২৮), মহেশখালীর বাদশা (৩২), মো. পারভেজ (২৪) ও মো. সরওয়ার (২৯) এবং কক্সবাজার পৌরসভার বৈদ্যঘোনার রেজাউল করিম (৪০)।

এ ছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজার দক্ষিণ জানারঘোনার মো. ফারুক (১৯), কক্সবাজার পৌরসভার টেকপাড়ার আজিজুর রহমান ওরফে আরজু এবং কলাতলীর লাইটহাউসপাড়ার সেলিমকে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে মো. সরওয়ারের বিরুদ্ধে মহেশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। অন্যদিকে রেজাউল করিমের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, শহর ও আশপাশের এলাকায় ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা