লিটন পাঠান, হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের কোনো কিছু থেকে বঞ্চিত না করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। এ বিষয়ে মাধবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও হবিগঞ্জের জেলা প্রশাসককে (ডিসি) স্পষ্ট বার্তা দেওয়ার কথাও বলেন তিনি। শনিবার (২১-নভেম্বর)২০২৬ দুপুরে মাধবপুর উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়নে ইউপি সদস্য মান্নানের বাড়িতে আলোচনাসভায় তিনি এ কথা বলেন। বক্তব্যে অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, ‘আমি মাধবপুরের ইউএনও ও হবিগঞ্জের ডিসিকে স্পষ্ট বলে দিতে চাই আমার দলের রাজপথে যেসব নেতাকর্মী ছিলেন, অন্যায়ের শিকার হয়েছেন, জেল খেটেছেন— তারা যেন কোনো কিছু থেকে বঞ্চিত না হন।
এ সময় স্থানীয় পর্যায়ে ডিলার নিয়োগের প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, ‘সারের ডিলার কাকে দিয়েছেন? তখন পাশ থেকে একজন আওয়ামী লীগকে ডিলার দেওয়া হয়েছে বলে উত্তর দেন। বক্তব্যের একপর্যায়ে স্থানীয় সংসদ সদস্যের উদ্দেশে অনুরোধ করে তিনি বলেন, ‘আপনি তাদের ডাকেন, তাদের নিয়ে বসেন। বিএনপির অনেক নেতাকর্মী এখন রাস্তায় রাস্তায় হাঁটেন। আমাদের কাছে কমপ্লেইন দেন, বিচার চান। আপনি তাদের ডাকেন না। আর দেখতেছি, আপনার চারপাশে যারা ঘুরঘুর করে, অনেকেই চাঁদাবাজিও করে।
তিনি বিএনপির নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে তাদের সম্মানিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা শাখার সহসভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা।
