রবিবার | নভেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শান্ত পিরোজপুরকে অশান্ত করতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী

শান্ত পিরোজপুরকে অশান্ত করতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী

এস,এম সিপার, পিরোজপুর প্রতিনিধি : গৃহায়,ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর (এমপি) বলেছেন, পিরোজপুর-২ আসন (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) একটি শান্তিপূর্ণ জনপদ; এই শান্ত জনপথকে কোনোভাবেই অশান্ত করতে দেওয়া হবে না। ভান্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগ ও ঘুমন্ত অবস্থায় হেলপার নিহতের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে।

রবিবার (২২ নভেম্বর) বিকেলে পিরোজপুরের কাউখালীতে অগ্নিসন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ভান্ডারিয়ার ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, একটি মানুষের প্রাণহানি কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। এই জনপদের শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। সহিংসতা, আগুন ও সন্ত্রাসের মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা যাবে না। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সকলের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, ফ্যাসিস্টরা আবারও আগুন ও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তারা দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেদের সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ করেছে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি অতীতেও নিজের হাতে আইন তুলে নেয়নি, এখনো নেবে না। অপরাধ সংঘটিত হলেও প্রতিশোধ কিংবা পাল্টা প্রতিহিংসার পথে না গিয়ে আইন ও প্রশাসনের মাধ্যমে তার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।

কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবিরের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শাফিউল আজম দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক এবং লিয়াকত হোসেন।

এস,এম সিপার
পিরোজপুর প্রতিনিধি

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা