রবিবার | নভেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে সেনাবাহিনী

টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে সেনাবাহিনী

রিয়াজ উদ্দিন, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযানকালে নিহত সেনাসদস্য সৈনিক মো. তিতাস শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি বসতবাড়ি সংস্কার এবং তাঁর স্ত্রীর উপযুক্ত কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নিহত সৈনিক মো. তিতাস শেখের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

এ ছাড়া পরিবারের আবাসন সুবিধার উন্নয়নে তাঁদের বিদ্যমান বসতবাড়ি সংস্কারের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। একই সঙ্গে নিহত সেনাসদস্যের স্ত্রীকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে কর্তব্যরত অবস্থায় নিহত হন সেনাসদস্য সৈনিক মো. তিতাস শেখ।

দেশের নিরাপত্তা ও দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গ করা এই সেনাসদস্যের পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁদের আবাসন, আর্থিক নিরাপত্তা ও পুনর্বাসন নিশ্চিত করতে সেনাবাহিনীর এ উদ্যোগ প্রশংসনীয় হিসেবে বিবেচিত হচ্ছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা