মেহেদী হাসান সিরাজী, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে মানব পাচার, মাদক চোরাচালান ও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহযোগিতার অভিযোগে দুই দালালকে আটক করেছে ৫৮ বিজিবি। আটক দুজনের বিরুদ্ধে মাদক ও পাসপোর্ট আইনে একাধিক মামলা রয়েছে।
৫৮ বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬০/২৬-আর থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জিন্না নগর পাকা রাস্তার ওপর নায়েব সুবেদার সৈয়দ মফিজুর রহমানের নেতৃত্বে বিশেষ টহল পরিচালনা করা হয়। এ সময় মানব পাচার ও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহযোগিতাকারী দালাল মো. জহুরুল হককে (৩৮) আটক করা হয়। তিনি মহেশপুর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে তিনটি মামলা রয়েছে।
অপরদিকে, একই দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটের লেবুতলার বটতলা সড়কে হাবিলদার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে বিশেষ টহল পরিচালনা করা হয়। এ সময় চিহ্নিত মাদক কারবারি ও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহযোগিতাকারী দালাল মো. আকবর আলী মণ্ডলকে (৪০) আটক করা হয়। তিনি মহেশপুর উপজেলার মাঠিলা মাঠপাড়া গ্রামের মৃত তাহির উদ্দিন মণ্ডলের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটটি এবং পাসপোর্ট আইনে একটি মামলা রয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।
