এম. আনোয়ার হোসেন: ময়মনসিংহের হালুয়াঘাট থানা ভবনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অংশ সরেজমিনে খতিয়ে দেখেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। গত রবিবার (২২ নভেম্বর) রাত পৌনে ১ টার দিকে থানা ভবনের নিচতলার জুনিয়র সেরেস্তা ও লাগোয়া স্টোররুমে আগুনের এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের পর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করতে থানা প্রাঙ্গণে পৌঁছান রেঞ্জ ডিআইজি। তাঁর পরিদর্শনের সময় ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কারিগরি টিম উপস্থিত ছিল। আগুনের সূত্রপাত ও ক্ষতির মাত্রা নিরূপণে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ দলগুলো ঘটনাস্থল পরিদর্শন ও তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ করে।
পরিদর্শনকালে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কক্ষগুলো ঘুরে দেখেন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। আকস্মিক এ ঘটনায় কর্তব্যরত সদস্যদের মনোবল চাঙা রাখতে তিনি তাঁদের সার্বিক খোঁজখবর নেন এবং পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুততম সময়ে সংস্কার করে থানার দাপ্তরিক ও নাগরিক সেবামূলক কার্যক্রম সচল রাখার কঠোর ও সুনির্দিষ্ট নির্দেশনা দেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও স্পষ্ট বার্তা দেন রেঞ্জ ডিআইজি। হালুয়াঘাট ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর (রুবেল), ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং থানার অন্যান্য পুলিশ সদস্য।
১০
