মঙ্গলবার | নভেম্বর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ জিয়ানগরে দুর্যোগ মোকাবিলায় আগাম কার্যক্রম সভা অনুষ্ঠিত

জিয়ানগরে দুর্যোগ মোকাবিলায় আগাম কার্যক্রম সভা অনুষ্ঠিত

কামরুল ইসলাম, জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি : জিয়ানগর উপজেলার দুর্যোগ মোকাবিলায় আগাম কার্যক্রম অ্যাকশন ম্যাট্রিক্স প্রণয়নে স্থানীয় পর্যায়ে পরামর্শ সভা অনুষ্ঠিত।

২৩ নভেম্বর ২০২৬ তারিখে PROTISTHAA প্রকল্পের আওতায় পিরোজপুর জিয়ানগর উপজেলায় উত্তরণ প্রকল্প অফিসে, দুর্যোগ মোকাবিলায় আগাম কার্যক্রমের অ্যাকশন ম্যাট্রিক্স প্রণয়নে স্থানীয় পর্যায়ে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

সভাটি পরিচালনা করেন শেখ রেদওয়ান উল ইসলাম (উপজেলা ম্যানেজার প্রতিষ্ঠা প্রকল্প, উত্তরণ) ও কারিগরি সহায়তা প্রদান করেন RIMES-এর Assistant Project Officer জনাব মো. ইব্রাহিম আবদুল্লাহ। তাঁর আলোচনায় অংশগ্রহণকারীরা স্থানীয় দুর্যোগ ঝুঁকি, আগাম সতর্কবার্তা এবং সম্ভাব্য দুর্যোগের প্রভাব বিবেচনায় সময়োপযোগী আগাম পদক্ষেপ নির্ধারণের বিষয়ে মতবিনিময় করেন এবং,

* একই সাথে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কিভাবে আবহাওয়ার পূর্বাভাস প্রচার করে, সে সম্পর্কে প্রজেক্টর এর মাধ্যমে সচিত্র আকারে সকলের সামনে প্রদর্শন করা হয়।

* সচিত্র প্রদর্শনের মাধ্যমে আজকে আবহাওয়া, বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তাপমাত্রা এবং আগামী দিন ও আগামী এক সপ্তাহে আবহাওয়ার পূর্বাভাস কেমন হতে পারে সে সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন।

* সভায় উপস্থিত সদস্যবৃন্দের সক্রিয় অংশগ্রহণে গ্রুপ ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র, মাঝারি এবং উচ্চ শক্তিসম্পন্ন দুর্যোগের ক্ষেত্রে ৭২ ঘণ্টা, ৪৮ ঘণ্টা এবং ২৪ ঘণ্টা আগে দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় এলাকায় প্রয়োজনীয় কার্যক্রমের তালিকা প্রস্তুত করা হয় এবং জনগণ, স্বেচ্ছাসেবী, স্থানীয় সরকার এবং সংশ্লিষ্ট দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব চিহ্নিত করা হয়।

* দুর্যোগের আগাম পূর্বাভাস পেলে স্থানীয় কমিউনিটি কিভাবে তারা পূর্ব প্রস্তুতি গ্রহণ করে থাকে, সেজন্য অনুষ্ঠানের উপস্থিত সকলকে তিনটি দলে বিভক্ত করা হয় এবং দলীয় কাজের মাধ্যমে তাদের মতামত গ্রহণ ও উপস্থিত সকলের সামনে উপস্থাপন করা হয়।

* পাশাপাশি উক্ত সভায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত দুর্যোগের প্রভাব ভিত্তিক পূর্বাভাস সম্পর্কে আলোচনা করা হয়। এবং দুর্যোগের পরিকল্পিত প্রস্তুতি কীভাবে জনমানব, কর্মসংস্থান এবং ব্যক্তি/ এলাকার সম্পদের ক্ষতি লাঘব করতে পারে এ বিষয়ে সচেতনতা মূলক আলোচনা করেন।

সভায় উত্তরণের পক্ষ থেকে মোঃ আল-আমিন মোল্লা (প্রজেক্ট অফিসার, মনিটরিং এন্ড রিপোর্টিং, প্রতিষ্ঠা প্রকল্প), বালিপাড়া এবং পাড়েরহাট উভয় ইউনিয়ন থেকে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কমিউনিটি প্রতিনিধি, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের প্রতিনিধিবৃন্দ, সিবিও কমিটির সভাপতি/সেক্রেটারি বৃন্দ এবং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনায় স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে কার্যকর ও অংশগ্রহণমূলক দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা এবং অ্যাকশন ম্যাট্রিক্স প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের মানবিক সহায়তা বিভাগ (DG ECHO) এর অর্থায়নে ‘প্রতিষ্ঠা’ একটি কনসোর্টিয়াম ভিত্তিক প্রকল্প, যার নেতৃত্বে রয়েছে কেয়ার বাংলাদেশ। কনসোর্টিয়ামের অন্য দুই অংশীদার অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার (ACF) ও অ্যাক্টেড (ACTED)। প্রকল্পে কারিগরি সহায়তা প্রদান করছে রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম (RIMES)। অ্যাক্টেড ৩৩টি ক্যাম্পে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করছে। অন্যদিকে বন্যা, আকস্মিক বন্যা ও ঘূর্ণিঝড়প্রবণ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মাঠপর্যায়ের কার্যক্রম বাস্তবায়ন করছে ইএসডিও (ESDO), উত্তরণ (Uttaran) ও নজরুল স্মৃতি সংসদ (NSS)। পিরোজপুর জেলায় কেয়ার বাংলাদেশের নেতৃত্বে এবং এসিএফের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে উত্তরণ (Uttaran)।

সভায় উপস্থিত পশ্চিম বালিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ নেসার উদ্দিন তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দুর্যোগের পূর্বাভাস পাওয়ার পর স্থানীয় জনগোষ্ঠী, শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী দল, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। তিনি স্থানীয় পর্যায়ে দুর্যোগের ঝুঁকি ও বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে কার্যকর আগাম কার্যক্রম নির্ধারণ এবং প্রণীত অ্যাকশন ম্যাট্রিক্স বাস্তবায়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের অংশগ্রহণমূলক পরামর্শ সভার মাধ্যমে প্রণীত অ্যাকশন ম্যাট্রিক্স স্থানীয় জনগোষ্ঠীর দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি নিশ্চিতকরণ এবং জানমাল ও সম্পদের ক্ষয়ক্ষতি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা