বুধবার | নভেম্বর ২৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ঈদগাঁওয়ে হানিফ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

আহত ৩ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক

ঈদগাঁওয়ে হানিফ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

এইচ এন আলম, কক্সবাজার : কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের মধ্যে দুই নারী রয়েছেন। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও থানার প্রায় ৬০০ মিটার দক্ষিণে আউলিয়াবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির দেওয়া তথ্য অনুযায়ী, কক্সবাজারমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার (নম্বর: কক্সবাজার-থ-১১-১৯২০) সঙ্গে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের (নম্বর: ঢাকা-মেট্রো-ব-১১-৯৯৭৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং এর যাত্রীরা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। তাঁরা হলেন—কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলীর মো. রহমান, বান্দরবানের লামা উপজেলার ফকিরাখোলার মো. সাইফুল ইসলাম এবং আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় নারী।
অন্যদিকে স্থানীয় লোকজন আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক চকরিয়ার খুটাখালী ইউনিয়নের অফিসপাড়ার জসীম উদ্দীন (৬০) ও বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালীর মো. ইমরানকে (২২) মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহত দুই নারীর মধ্যে একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর বাস ও সিএনজিচালিত অটোরিকশাটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল কিছু সময় ব্যাহত হলেও বর্তমানে যানবাহন চলাচল
স্বাভাবিক রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা