চাঁদপুর থেকে এ কে আজাদ : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৬ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। সভায় উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় জাতীয় দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, সুষ্ঠু বাস্তবায়ন, সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয় এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক দিবসগুলোর ঐতিহাসিক তাৎপর্য ও চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জাতীয় দিবসগুলোর কর্মসূচি সুশৃঙ্খল ও সুন্দরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
