বৃহস্পতিবার | নভেম্বর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশচট্টগ্রাম পটিয়া বাসষ্টেশন-রেলস্টেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

জনভোগান্তি বন্ধে কঠোর প্রশাসন:

পটিয়া বাসষ্টেশন-রেলস্টেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী: জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, সড়ক ও ফুটপাত দখল এবং জনভোগান্তি নিরসনে চট্টগ্রামের পটিয়া পৌর সদরের রেলস্টেশন সংলগ্ন বাজার ও সড়কে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

এছাড়াও পটিয়া বাসস্ট্যান্ডে এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে পটিয়া থানা পুলিশের সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।অভিযানকালে রেলস্টেশন সংলগ্ন বাজার ও সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট এবং বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।

এসব অবৈধ স্থাপনার কারণে জনসাধারণের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়া, যানজট সৃষ্টি এবং পথচারীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করে। অভিযান পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন বলেন, “জনভোগান্তি নিরসন, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা এবং সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করতে সরকার বদ্ধপরিকর। জনস্বার্থে অবৈধ দখল ও স্থাপনার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী সরকারি জায়গা দখল করে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। জনসাধারণের স্বার্থ রক্ষায় আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, সরকারি জায়গা দখলমুক্ত রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হচ্ছে।উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে জনস্বার্থে উচ্ছেদ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং পুনরায় অবৈধ দখল প্রতিরোধে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন সচেতন মহল।জনস্বার্থ রক্ষা, অবৈধ দখলমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল প্রতিষ্ঠায় পটিয়া উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা