শুক্রবার | নভেম্বর ২৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুষ্টিয়ায় জামায়াতের কাউন্সিলর প্রার্থীর বাড়ি ও অফিসে হামলা-ভাঙচুর, গুলি আহত ৮

কুষ্টিয়ায় জামায়াতের কাউন্সিলর প্রার্থীর বাড়ি ও অফিসে হামলা-ভাঙচুর, গুলি আহত ৮

শরিফ মাহমুদ,কুষ্টিয়া : কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী ও শহর শাখার ইউনিট সদস্য মো. শাজাহান আলীর বাসভবন, জামায়াত কার্যালয় এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে।

বুধবার (২৫ নভেম্বর) রাত ৮ টার দিকে শহরের জুগিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাজাহান আলীসহ জামায়াতে ইসলামীর ৭ থেকে ৮ জন নেতাকর্মী আহত হয়েছেন, যাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দেড় থেকে দুই শতাধিক লোকের একটি দল অতর্কিতভাবে শাজাহান আলীর বাড়িতে হামলা চালায়। এ সময় তাঁর বাসভবন, অফিস ও সামনের দোকানপাটে ব্যাপক ভাঙচুর করা হয় এবং গুলিবর্ষণের ঘটনা ঘটে। পাশাপাশি ১৫ নম্বর ওয়ার্ড জামায়াত কার্যালয়েও হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। হামলার সময় ঘটনাস্থলে থাকা জামায়াতের ৭–৮ জন কর্মী গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।
হামলার নেপথ্যের কারণ সম্পর্কে স্থানীয় সূত্রে জানা গেছে, জুগিয়া ভাটাপাড়া ঘাটটি আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর মহিদুল ইসলামের কাছ থেকে কুষ্টিয়া শহর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু মালিকানা পরিবর্তন করে নেওয়ার পর থেকে সেখানে নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন চলছিল। অতিরিক্ত বালু উত্তোলনের কারণে এলাকার রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এবং সামাজিক পরিবেশ বিপর্যস্ত হওয়ায় সম্প্রতি এলাকাবাসী রাস্তাটি বন্ধ করে দেন।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পক্ষের অভিযোগ, এই ঘটনার জের ধরে শহর বিএনপির নেতা এ কে বিশ্বাস বাবু এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদকসহ জেলা পর্যায়ের কয়েকজন নেতার নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত বিএনপি ও যুবদল নেতাদের কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এই বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত ওসি জাকির হোসেন বলেন,জামাতের ৮/৯ জন আহত হয়েছে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা