বৃহস্পতিবার | নভেম্বর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নাশকতা-সহিংসতা প্রতিরোধে সদা তৎপর আনসার ব্যাটালিয়ন

দেশজুড়ে নিরাপত্তা, শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ

নাশকতা-সহিংসতা প্রতিরোধে সদা তৎপর আনসার ব্যাটালিয়ন

স্টাফ রিপোর্টার : গাজীপুরের শিল্পাঞ্চলসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সড়কে যান চলাচল সচল রাখা এবং শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করতে তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা এবং বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সুনির্দিষ্ট পরিকল্পনা ও দিকনির্দেশনায় আনসার ব্যাটালিয়নের সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।

আজ ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) গাজীপুরের নাওজোর পয়েন্টে সড়কে ব্লক ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে আনসার ব্যাটালিয়নের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তা অপসারণ করেন। একই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পাশাপাশি চান্দনা চৌরাস্তা, মৌচাক, আমবাগকাটা, তেলিরচালা, সফিপুর, সালনা, মাওনা, কোনাবাড়ী ও কাশিমপুরসহ শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

আনসার সদস্যদের তৎপরতায় শিল্পাঞ্চলের অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং শ্রমিক ও সাধারণ মানুষ নিজ নিজ গন্তব্যে যাতায়াত করছেন। শিল্পকারখানার নিরাপত্তা ও উৎপাদন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে পুলিশ, বিজিবি, শিল্প পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে বিশেষ স্ট্রাইকিং টিম ও অতিরিক্ত সদস্য প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি মোতায়েনকৃত সদস্যদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রাথমিক চিকিৎসাসামগ্রী ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োজিত রয়েছেন।

শিল্পাঞ্চলের নিরাপত্তার পাশাপাশি দেশের সার্বিক শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর, শরীয়তপুর, সাতক্ষীরা ও ময়মনসিংহ এই ৯টি জেলায় বর্তমানে মোট ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন। এর মধ্যে গাজীপুরে ১৯, গোপালগঞ্জে ১৫, ফরিদপুরে ৫, নারায়ণগঞ্জে ৪, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে ৪টি করে এবং সাতক্ষীরা ও ময়মনসিংহে ২টি করে প্লাটুন দায়িত্ব পালন করছেন। এসব জেলার শিল্পাঞ্চল, প্রশাসনিক ভবন, গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও জনসমাগমস্থলে নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।

দেশের জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে যাচ্ছেন। তাঁদের সতর্কতা ও সমন্বিত তৎপরতা শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ কর্মপরিবেশ বজায় রাখা, শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখা এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধের পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা