শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলার কৃষ্ণপুর এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগেছে যশোর-মাগুরা লোকাল সার্ভিসের একটি বাসের। এতে বাসের চালকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। চালক ছাড়া অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে যান।
আড়পাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ারহাউস ইন্সপেক্টর সঞ্জয় দেবনাথ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। এ সময় বাসচালক ওবায়দুর রহমান (৫৫), মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া এলাকার বাসিন্দা, গুরুতর আহত অবস্থায় উদ্ধার হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে দ্রুত চিকিৎসার জন্য মাগুরা হাসপাতালে পাঠান।
