শরিফ মাহমুদ, কুষ্টিয়া : দেশের বর্তমান নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সন্ত্রাস ও নাশকতা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় (কালেক্টরেট চত্বর) এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক প্রদক্ষিণ করে মজমপুর গেট হয়ে শহরের পাঁচ রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি মো. এনামুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর এবং কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।
সমাবেশে আরও বক্তব্য দেন কুষ্টিয়া পৌরসভার মেয়র প্রার্থী সুজা উদ্দিন জোয়ার্দার সহ জেলার নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, দেশে সন্ত্রাস ও নাশকতা রোধে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তারা দ্রুত আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এসময় কুষ্টিয়া জেলার বিভিন্ন ইউনিট থেকে আসা দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
