এম এ মান্নান, পোরশা নওগাঁ প্রতিনিধি:নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কথিত ‘পুশইন’ প্রচেষ্টা ভেস্তে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনতা।
রোববার (৭ জুন) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, বিএসএফ কয়েকজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থান নেন। পরে স্থানীয় এলাকাবাসীও লাঠিসোঁটা নিয়ে বিজিবির সঙ্গে যোগ দেন।
খবর পেয়ে অতিরিক্ত নিরাপত্তার জন্য আনসার সদস্যদেরও মোতায়েন করা হয়। বিজিবি, আনসার ও স্থানীয়দের কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত বিএসএফ পিছু হটতে বাধ্য হয় বলে জানা গেছে ।
১৬ বিজিবির নিতপুর ক্যাম্পের নায়েব সুবেদার আমির হোসেন জানান, প্রায় ১৫ থেকে ২০ জনকে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা হয়েছিল। তবে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় তা সফল হয়নি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষায় তারা সবসময় বিজিবির পাশে থাকবেন এবং যেকোনো অনুপ্রবেশ প্রতিহত করতে প্রস্তুত রয়েছেন।
১১৮
