এন.এম হামিদী বাবু নীলফামারীঃ নীলফামারীতে প্লাস্টিকের বস্তা ব্যবহারে “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০” অমান্য করায় দুই অটো রাইস মিলকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০জুন) দুপুরে ও বিকেলে নীলফামারী সদরে পৃথক দুটি অভিযান চালিয়ে আজিজুল হক অটো রাইস মিল ও সামসুল হক অটো রাইস মিলকে এ দন্ডাদেশ দেয়া হয়।
জানা যায়, একটি অভিযান দুপুরে নীলফামারী সদরের শিমলতলী এলাকায় অবস্থিত আজিজুল হক অটো রাইস মিলকে “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০” অনুযায়ী পাটজাত মোড়ক ব্যবহার না করে কৃত্রিম মোড়ক ব্যবহার করায় উক্ত আইনের ৪নং ধারা লঙ্ঘন এবং উক্ত আইনের ১৪নং ধারায় দন্ডনীয় অপরাধ করায় ১০ হাজার টাকা জরিমানা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রসেন জিৎ দাস।
অপর অভিযানটি বিকেলে নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের সুখধন এলাকায় অবস্থিত সামসুল হক অটো রাইস মিলকে “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০” অনুযায়ী পাটজাত মোড়ক ব্যবহার না করে কৃত্রিম মোড়ক ব্যবহার করায় উক্ত আইনের ৪নং ধারা লঙ্ঘন এবং উক্ত আইনের ১৪নং ধারায় দন্ডনীয় অপরাধ করায় ১২ হাজার টাকা জরিমানা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান।
অভিযান শেষে প্রসিকিউশন অফিসার জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এ.টি.এম তৈবুর রহমান বলেন, পরিবেশ সুরক্ষায় এবং সরকারি আইন বাস্তবায়নে এই পদক্ষেপ। এ বছর (১০জুন) পযর্ন্ত ১০টি অভিযানে মোট ৭৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার দন্ডনীয় অপরাধ জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় জেলার বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
