এস,এম সিপার, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামভদ্র গ্রামের অসহায় আঃ রহমানের পরিবার দীর্ঘদিন দুর্বিষহ কস্টে জরাজীর্ণ বসতঘরে মানবেতর জীবনযাপন করছে, এমন খবর পেয়েই দ্রুত
সেই পরিবারের পাশে দাঁড়িয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। অসহায় পরিবারটি এখন নিরাপদ আশ্রয়ের আশা দেখতে শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটের মধ্যে জীবনযাপন করছিলেন আঃ রহমান। তার বসতঘরটি ছিল অত্যন্ত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। সামান্য বৃষ্টিতেই ছাউনির ফাঁক দিয়ে ঘরের ভেতরে পানি ঢুকে পড়ত।
স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ভেজা মেঝেতে রাত কাটানো ছিল পরিবারটির ছিল নিত্যদিনের বাস্তবতা। একটি নিরাপদ ঘরের অভাবে পরিবারটি প্রতিনিয়ত অনিশ্চয়তা ও কষ্টের মধ্যে দিন পার করছিল।
শুক্রবার ( ১২জুন) নাজিরপুর উপজেলা পরিষদ চত্বরে রামভদ্রা গ্রামের মৃত আঃ গনি ফকিরের ছেলে আঃ রহমানের পুনর্বাসনের জন্য ঢেউটিন, গৃহনির্মাণের জন্য নগদ সহায়তার চেক এবং শুকনো খাবারসহ বিভিন্ন ত্রাণসামগ্রী প্রদান করা হয়েছে।
মানবিক এই সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা আঃ রাজ্জাকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
একই দিনে মানবিক কর্মসূচির আওতায়
বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারকে ঢেউটিন, গৃহনির্মাণ সহায়তার অর্থ এবং শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে গৃহনির্মাণের চেক, ঢেউটিন এবং নগদ সহায়তার চেক হস্তান্তর করা হয়।
উপকারভোগীদের মধ্যে রয়েছেন হোগলাবুনিয়া গ্রামের মোঃ ফেরেশতালী শিকদারের ছেলে মোঃ পান্না মিয়া, চালিতাবাড়ী গ্রামের আউয়াল শেখের ছেলে আবেদ আলী শেখ এবং বুড়িখালী গ্রামের বশির উদ্দিনের ছেলে ইমাম হোসেন। তাদের প্রত্যেককে দুই বান্ডিল ঢেউটিন এবং ৬ হাজার টাকা করে গৃহনির্মাণ সহায়তা প্রদান করা হয়েছে।
দীর্ঘ দিন চরম দুর্বিসহ কস্টে জীবন যাপন করা
আঃ রহমান ও তার পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন সংসদ সদস্য ও স্থানীয় প্রশাসনকে।
