মাগুরা প্রতিনিধি: বিচার কার্যক্রমের গতি বৃদ্ধি, তদন্ত ও বিচার প্রক্রিয়ার মধ্যে কার্যকর সমন্বয় জোরদার এবং জনগণের জন্য দ্রুত ও মানসম্মত ন্যায়বিচার নিশ্চিতকরণের লক্ষ্যে মাগুরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
মাগুরার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে শনিবার (১৩ জুন) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কনফারেন্স রুমে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, তদন্তাধীন মামলার অগ্রগতি, সাক্ষী হাজিরা, ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্ট প্রাপ্তি, ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন, মাদকসংক্রান্ত মামলা, নারী ও শিশু নির্যাতন মামলা এবং বিচারপ্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বাস্তব সমস্যা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ কনফারেন্সে সভাপতির বক্তব্যে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম বলেন, জনগণের ন্যায়বিচার প্রাপ্তির সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে বিচার বিভাগ, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল সরকারি প্রতিষ্ঠানের মধ্যে নিবিড় সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। তিনি তদন্তের মানোন্নয়ন, সাক্ষীদের সময়মতো আদালতে উপস্থিতি নিশ্চিতকরণ, আলামত সংরক্ষণ ও উপস্থাপনের ক্ষেত্রে অধিকতর সতর্কতা এবং প্রয়োজনীয় প্রতিবেদন দ্রুত প্রাপ্তির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসনে, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বর্ণালী রানী এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা আক্তার সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ।
